উদ্যোক্তাদের জন্য গুগলের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার উদ্যোক্তাদের জন্য বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে। ‘গুগল ফর এন্টারপ্রিনিয়রস’ নামের একটি আয়োজনের মাধ্যমে গুগল নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সেবা দেওয়ার কথা ভাবছে। সম্প্রতি গুগলের গ্লোবাল এন্টারপ্রিনিয়রস বিভাগের প্রধান ম্যারি গ্রোভ নিজের এক ব্লগ পোস্টে জানান, উদ্যোক্তাদের জন্য মূলত গুগলের পক্ষ থেকে তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হবে, যার মধ্যে রয়েছে স্থানীয় কমিউনিটির সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করতে বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি, গুগলের নেতৃত্বে উদ্যোক্তাদের দক্ষতা বিনিময়ের আয়োজন এবং ব্যবসায়ের প্রয়োজনে গুগলের টুলস বিষয়ে বিস্তারিত তুলে ধরা। এই তিন বিষয়ের ওপর লক্ষ রেখে গুগলের উদ্যোক্তাদের জন্য (www.google.com/entrepreneurs) সাইট তৈরি করা হয়েছে। দ্য গ্লোবাল এন্টারপ্রিনিয়রশিপ মনিটরের (জিইএম) তথ্য অনুযায়ী, বর্তমানে ৫৪টি দেশে উদ্যোক্তার সংখ্যা ৪০ কোটি, যা ধীরে ধীরে বেড়েই চলছে। আর বাড়তে থাকা এ উদ্যোক্তাদের নানাভাবে সাহায্য করতে গুগল তাদের জন্য নতুন ওয়েবসাইটে আয়োজনের খবর, অনুষ্ঠানের খবরসহ বিভিন্ন রিসোর্স রেখেছে। মূলত, নিজেদের নানা সেবা উদ্যোক্তারা কীভাবে ব্যবহার করে উপকৃত হতে পারে, সে বিষয় মাথায় রেখেই গুগলের এমন উদ্যোগ। ইতিমধ্যে এ উদ্যোগের অংশ হিসেবে গুগলের সামাজিক যোগাযোগ সাইট গুগল প্লাসে তৈরি করা হয়েছে বিশেষ পাতা; আর শিগগিরই বার্ষিক গুগল ফর এন্টারপ্রাইস শীর্ষক আয়োজন করার কথাও ভাবছে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি, যা বিশ্বের ১৩টি দেশের ২৮টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।—ম্যাশঅ্যাবল ও গুগল ব্লগ অবলম্বনে কাজী আশফাক আলম