উদ্যোক্তাদের নিয়ে চলছে মেলা
ফেসবুক গ্রুপ ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’র উদ্যোগে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের ডব্লিউভিএ মিলনায়তনে চলছে ‘বৈশাখী উদ্যোক্তা হাট’ নামের মেলা। মেলায় অংশগ্রহণকারী বেশির ভাগ উদ্যোগই অনলাইনভিত্তিক। গতকাল শনিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল মেলার উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান উপস্থিত ছিলেন। এ মেলা শেষ হবে আজ।
উদ্বোধনের পর এক প্রশ্নের জবাবে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘পৃথিবীতে যখনই তরুণেরা কোনো কিছু করতে চেয়েছে, শুরুতে বাধার মুখে পড়েছে। তাই সামনে এগোতে হলে ঝুঁকি নিতে হবে। মেলায় অবস্থিত স্টলগুলোর উদ্যোক্তাদের ধারণাগুলো অনন্য। এ ধরনের মেলা আয়োজনের ফলে তারা আগে থেকে এ বিষয়ে জেনে যাচ্ছে।’
মেলা আয়োজন সম্পর্কে উদ্যোক্তা হাটের আহ্বায়ক সাজ্জাত হোসেন জানান, তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরা এবং অনলাইন উদ্যোক্তাদের সঙ্গে তাদের গ্রাহকদের পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। মেলায় মোট ৫০টি স্টল ও প্যাভিলিয়নে উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রয় ও সেবা প্রদর্শন করছেন। পণ্য ও সেবার মধ্যে রয়েছে ই-কমার্স, তথ্যপ্রযুক্তি, প্রিন্টিং, পোশাক, অনুষঙ্গ, ইলেকট্রনিক যন্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, ভ্রমণ সহায়তাসহ নানা বিষয়।
মেলা আয়োজনে সহযোগিতা করছে ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিল। উদ্যোক্তা হাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য।