উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়াতে জিবিজির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে গত রোববার রাতে ঢাকায় গুগল বিজনেস গ্রুপ (জিবিজি), ঢাকা ই-কমার্স আওয়ার্সের আয়োজন করে। পাশাপাশি গুগল স্টার্টআপ উইকএন্ডের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ ক্যাম্পও অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘ই-কমার্স উইক ২০১৩’ ছিল এর সহযোগী। পৃষ্টপোষক ছিলরুট। এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ছিল তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরিতে সাহায্য করা। অনুষ্ঠানে গুগলের বিভিন্ন টিপস তুলে ধরেন গুগলের বাংলাদেশ কান্ট্রি কনসালট্যান্ট কাজী মনিরুল কবির। উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, মহাসচিব রাসেল টি আহমেদ, ই-কমার্স সপ্তাহ ২০১৩-এর আহ্বায়ক শামীম আহসানসহ অনেকে।অনুষ্ঠানে ই-কমার্সের বিভিন্ন বিষয় তুলে ধরেন রকমারি ডট কমের প্রধান নির্বাহী মাহমুদুল হাসান, আমার দেশ আমার গ্রামের ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান। জিবিজির সাম্প্রতিক তথ্য তুলে ধরেন জিবিজির ব্যবস্থাপক নাশিদ ইসলাম ও মির্জা সালমান হোসেন। ফেসবুক গ্রুপ জাকাত কানেক্ট সম্পর্কে বলেন রুট মার্কেটিং সার্ভিসেসের প্রধান নির্বাহী রিয়াদ হোসেন।জিবিজির অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১০ থেকে ১২ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় স্টার্টআপ উইকএন্ডের (http://dhaka.startupweekend.org) বিশেষ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন ঢাকা পর্বের আয়োজক ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সাবহানাজ রশীদ। এতে পণ্যের ধারণা নিয়ে আলোচনা করেন গ্রে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাওসুল আজম। গুগলের এ জিবিজি উদ্যোগ বিশ্বের ১৫০টি দেশে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বিভিন্ন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের নতুন কাজ সম্পর্কে সবাইকে জানানোর সুযোগ পান। আয়োজকেরা জানান, নিয়মিতভাবে প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপনের (নেটওয়ার্কিং) জন্য জিবিজি কাজ করে যাচ্ছে। বিস্তারিত জানা যাবে www.gbgdhaka.org ঠিকানার ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক