উদ্যোক্তাদের হাট বসছে!

ফেসবুকভিত্তিক আত্মকর্মসংস্থানবিষয়ক গ্রুপ ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’–এর তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরতে এবং অনলাইন উদ্যোক্তাদের সঙ্গে গ্রাহকদের সরাসরি পরিচয় করিয়ে দিতে ১৬ ও ১৭ এপ্রিল বসছে ‘আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট’।
ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে ওম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশন ভবনের তিনটি কক্ষে এ হাট বসবে। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল ১৬ এপ্রিল সকাল ১০টায় এ হাটের উদ্বোধন করবেন। মেলায় প্রায় ৪০ জন তরুণ উদ্যোক্তা বিশেষ ছাড়ে তাঁদের পণ্য বিক্রি করবেন এবং সেবা সম্পর্কে জানাবেন।
আজ মঙ্গলবার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই উদ্যোক্তা হাটের বিস্তারিত তুলে ধরেন বৈশাখী উদ্যোক্তা হাটের আহ্বায়ক সাজ্জাদ হোসেন।
আয়োজকেরা জানান, এবারে তৃতীয়বারের মতো এ ধরনের আয়োজন করা হচ্ছে। এর আগে দুটি আয়োজন সফল ছিল। উদ্যোক্তা হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।