উদ্যোক্তাদের হাট বসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্যোক্তা হাট
উদ্যোক্তা হাট

উদ্যোক্তারা ভাবছেন ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’। আর এ লক্ষ্যকে সামনে এগিয়ে নিতেই ঢাকায় শুরু হয়েছে তিন দিনের উদ্যোক্তা হাট।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’-এর আয়োজনে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে উদ্যোক্তা হাট।
ঢাকার ধানমন্ডির উইমেন ভলান্টারি অ্যাসোসিয়েশনে (ডব্লিউভিএ) মিলনায়তনে শুরু হওয়া এ হাট চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

উদ্যোক্তারা জানিয়েছেন, হাটে এবার ৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গতকাল সোমবার আনুষ্ঠানিক ভাবে হাটের উদ্বোধন করেছেন ঢাকা চেম্বারের পরিচালক ও দুই হাজার উদ্যোক্তা তৈরি প্রকল্পের চেয়ারম্যান মো. সবুর খান।

সবুর খান জানিয়েছেন, ‘উদ্যোক্তার নিজেরাই নিজেদের পথ তৈরি করে নেয়। আমাদের দেশে উদ্যোক্তা তৈরির বিষয়টিকে আরো উত্সাহিত করতে আরো বেশি বেশি বিজনেস ইনকিউবেটর হওয়া দরকার।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ও অগ্রণী ব্যাংকের পরিচালক শামীম আহসান, বিডিভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের এসএমই বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক জাহিদ ইবনে হাই, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, উদ্যোক্তা হাটের আহ্বায়ক আসাদ ইকবালসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, উদ্যোক্তারা উদ্যোগ নিয়ে সফল না হলে কোন সমস্যা নেই। একবার সফল না হলে পরের বার চেষ্টা করে যেতে হবে। তবে উদ্যোগ শুরুর আগে সঠিক পরিকল্পনা এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
হাটের আয়োজকেরা জানিয়েছেন, মূলত ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপের উদ্যোক্তাদের সহায়তা করতেই এ হাটের আয়োজন।

উদ্যোক্তাদের এ হাটে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। ই-কমার্স, তথ্যপ্রযুক্তি, পণ্য, গৃহস্থালি পণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে হাটে। হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।