উদ্যোগের ধারণা নিয়ে রুয়েটে প্রতিযোগিতা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) হয়ে গেল ব্যবসা উদ্যোগের ধারণা নিয়ে একটি প্রতিযোগিতা। ‘এন্টারপ্রেনারশিপ অ্যান্ড টেকনোলজি সেল উইকেন্ড ২০১৩’ নামের দুইদিনের এ প্রতিযোগিতায় ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইট্রিপলই) রুয়েট শিক্ষার্থী শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার পাশাপাশি তথ্যপ্রযুক্তির প্রয়োগ, আত্মকর্মসংস্থান, ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও তার ভবিষ্যৎ, আউটসোর্সিং, মানবসম্পদ ও নেতৃত্ব বিষয়ে শুক্রবার সকালে একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় রুয়েটের শাফিউল হাসান রাফি প্রথম এবং ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেদওয়ানুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করেন। রুয়েটের উপাচার্য মো. মর্ত্তুজা আলী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন ইলেকট্রো গ্রুপের পরিচালক জাহেদ রসুল ও বেটেলকো গ্রুপের পরিচালক তানভীর বাসার।
—রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি