উন্নত প্রযুক্তির বই পড়ার যন্ত্র
হাই ডেফিনেশন (এইচডি) প্রযুক্তির নতুন বই পড়ার যন্ত্র (ই-বুক রিডার) বাজারে এসেছে। কানাডার ই-বুক রিডার নির্মাতাপ্রতিষ্ঠান কোবো নতুন প্রযুক্তির এই ই-বুক রিডার তৈরি করেছে। হাই রেজল্যুশনের ইলেকট্রনিক বই পড়ার সুবিধাযুক্ত ‘অউরা এইচডি’ নামের এই ই-বুকটির মাপ ৬ দশমিক ৮ ইঞ্চি। বিশ্বখ্যাত ই-কমার্স সাইট আমাজনের তৈরি ছয় ইঞ্চির ই-বুক রিডারের চেয়ে নতুন অউরা এইচডির পিক্সেলে ঘনত্ব অনেক বেশি। ফলে নিখুঁত এবং হাই রেজল্যুশনের বইগুলো দারুণভাবে পড়ার সুযোগ পাবেন পাঠকেরা। ই-বুক রিডারটি দাম ধরা হয়েছে ১৭০ ডলার। জাপানের রকুটেন নামের একটি প্রতিষ্ঠানের মালিকানায় থাকা কোবো ইনকরপোরেশন নতুন এই ই-বুক রিডারের মাধ্যমে পাঠকদের মাঝে নতুন এক আলোড়ন সৃষ্টি করতে পারবেন বলে ধারণা করছে কোবো কর্তৃপক্ষ। ইতিমধ্যে ই-রিডারে বই পড়ার জনপ্রিয়তা অনেক বেড়েছে। পাশাপাশি বর্তমানে সাদাকালো ই-বুক রিডারের জায়গায় শক্ত অবস্থানে যাচ্ছে রঙিন ই-বুক রিডার। কোবের প্রধান নির্বাহী মাইকেল সেরবিনস বলেন, ‘ই-বুক পড়ার সুবিধাকে আরও ভালো এবং পাঠকদের উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই যাত্রা শুরু করল অউরা এইচডি ই-বুক রিডার। আশা করছি, পাঠকেরা এর মাধ্যমে নতুন এক অভিজ্ঞতা পাবেন।’ ডিজিটাল প্রযুক্তির বাজারে নতুন এ ই-বুক রিডারটি এইচডি সুবিধা দেবে, যা আসলেই ইলেকট্রনিক উপায়ে বই পড়ার নতুন এক অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, পাঠকেরা এতে সত্যিকারের বই পড়ার ক্ষেত্রে আরও সুবিধা পাবেন। তবে সে অনুযায়ী ই-বইগুলোকেও আরও উন্নত করার কথাও বলেন তাঁরা। —বিবিসি ও দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম