উন্নত ভিডিও ফরম্যাট তৈরিতে একজোট শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বেশ কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান একজোট হয়ে তৈরি করেছে ‘অ্যালায়েন্স ফর ওপেন মিডিয়া’।
বিশ্বের বেশ কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান একজোট হয়ে তৈরি করেছে ‘অ্যালায়েন্স ফর ওপেন মিডিয়া’।

অনলাইন ভিডিওর মান আরও উন্নত করতে একজোট হয়েছে বিশ্বের বেশ কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। সিসকো, মাইক্রোসফট, গুগল, ইনটেল, মজিলা, আমাজন ও নেটফ্লিক্স মিলে তৈরি করেছে ‘অ্যালায়েন্স ফর ওপেন মিডিয়া’ নামের একটি জোট।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো জোটবদ্ধ হয়ে ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে নতুন ভিডিও কমপ্রেশন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবে।
স্মার্টফোন, কম্পিউটার, স্ট্রিমিং মিডিয়া ডিভাইস, ভিডিও গেম কনসোল, টিভি প্রভৃতিতে ভিডিও পৌঁছানোর যে নেটওয়ার্ক তা উন্নত করতেও কাজ করবে তারা।
এই প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব হলে আরও উন্নতমানের ভিডিও দেখা ও দ্রুত ডাউনলোড করা সম্ভব হবে। আর এ প্রযুক্তিটি আধুনিক যন্ত্রে বিনা মূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবে এই জোট।
‘অ্যালায়েন্স ফর ওপেন মিডিয়া’ জোটের লক্ষ্য হচ্ছে পরবর্তী প্রজন্মের রয়্যালটি-ফ্রি ভিডিও ফরম্যাট, কোডেকস ও এ সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে কোনো নতুন প্রযুক্তি উদ্ভাবনে একসঙ্গে কাজ করতে খুব কম দেখা যায়। তবে এ জোট তৈরির পেছনে প্রতিষ্ঠানগুলো বিশেষ প্রয়োজনীয়তা অনুভব করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও প্ল্যাটফর্মে ব্যবহার উপযোগী নতুন ভিডিও স্ট্যান্ডার্ড তৈরি করা গেলে সবাই তা বিনামূল্যে ব্যবহার করতে পারবে। বর্তমানে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ভিডিও প্রযুক্তির জন্য এমপিইজি এলএ নামের যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানকে রয়্যালটি ফি দিতে হয়।