উন্নতি করতে সব সেবা হতে হবে ডিজিটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির বার্লিনে মুক্ত জ্ঞান ও মুক্ত তথ্য নিয়ে আয়োজিত তিন দিনের ‘ওপেন নলেজ ফেস্টিভ্যাল ২০১৪’ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনেও ছিল একাধিক আয়োজন। শুরুতেই মুক্ত তথ্য প্রবন্ধ উপস্থাপন করেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের ডিজিটাল বিভাগের কমিশনার নিলি ক্রোস। এ সময়ে তিনি বলেন, ‘যেকোনো দেশই এগিয়ে যেতে পারে যদি তারা নিজেদের সব সেবা ডিজিটাল করে ফেলতে পারে। তবে তথ্যগুলো অবশ্যই থাকতে হবে উন্মুক্ত এবং সকলের জন্য সহজে প্রাপ্য। আমার নিজের ব্যক্তিগত ওয়েবসাইটটিও এমনভাবে তৈরি, যেখানে চাইলে যে কেউ সহজে নানা তথ্য পেতে পারেন।’ পরবর্তী সময়ে ওপেন ডেটা পোর্টাল এবং ওপেন নলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই দিনে গুগলের রাজনীতি ও নির্বাচন বিভাগের প্রধান এরিক হাইসেন নিজের প্রবন্ধে বিভিন্ন দেশের রাজনীতি ও নির্বাচনের তথ্যগুলো কীভাবে উন্মুক্ত করে দেওয়া যায়, সে বিষয় তুলে ধরেন।
উৎসবে যোগ দেওয়া ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের গ্লোবাল ফরেস্ট ওয়াচ (www.globalforestwatch.org) নামের বিশেষ ওয়েবসাইটের নানা বিষয় তুলে ধরা হয়। এ ওয়েবসাইটে বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশে ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত কী পরিমাণ গাছ, কতটুকু বন ছিল, সেসব তুলে ধরা হয় বিশেষ মানচিত্রের মাধ্যমে। এ পুরো ওয়েবসাইটের সব তথ্য উন্মুক্ত, যা যে কেউ চাইলে ব্যবহার করতে পারবেন। এ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বেনজামিন জোন্স জানান, ‘বাংলাদেশের সবুজ গাছ, বনের অবস্থা এশিয়ার অন্যান্য দেশের চেয়ে ভালো। আমরা সে তথ্যগুলোই এ সাইটে তুলে ধরেছি।’
শেষ দিনে মূল প্রবন্ধ ছাড়াও ছিল একাধিক সেমিনার ও আলোচনা। এশিয়ার বিভিন্ন দেশের ওপেন নলেজ দূতদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘ওপেন ডিজাইন ডেফিনেশন’ শীর্ষক বিশেষ কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন ওপেন নলেজের ওপেন ডেটা প্রকল্পের পরিচালক ডেনিয়ালা ম্যাটার্ন। এতে বাংলাদেশ, নেপাল, চীন এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নেন। তিন দিনের উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয় বিশেষ কনসার্টের মাধ্যমে।

—নুরুন্নবী চৌধুরী, বার্লিন (জার্মানি) থেকে