উন্নয়নে গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড বা আইসিটির উন্নয়নে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। জাতিসংঘের তথ্যসমাজ শীর্ষ সম্মেলনের (ডব্লিউএসআইএস) ঘোষণা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কিত একটি সমীক্ষা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ২০০৫ সালে তিউনিসে ডব্লিউএসআইএসের দ্বিতীয় পর্যায়ে জাতিসংঘের সদস্য দেশগুলোর দেওয়া সম্মিলিত ঘোষণার পর প্রতি বছরই এ সমীক্ষা প্রকাশ করা হয়। তবে এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগের বিষয়টি স্থান পেয়েছে। গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএসআইএসের ফলোআপ সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়। গতকাল শুক্রবার ফলোআপ সভা শেষ হয়েছে। ‘দি ২০১০ ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি স্টকটেকিং রিপোর্ট’ শিরোনামের এ প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যসমাজ প্রতিষ্ঠায় বিভিন্ন দেশে শীর্ষ সম্মেলন ঘোষণার বাস্তবায়ন সন্তোষজনক। ২০১৫ সাল নাগাদ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ধারাও বেশ বেগবান বলে এতে উল্লেখ করা হয়েছে।সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) উপমহাসচিব হুলিন ঝাও বলেন, এই প্রতিবেদনের তথ্য-উপাত্ত এ আশাই জাগিয়েছে যে পৃথিবীর প্রতিটি প্রান্ত তথ্যপ্রযুক্তির মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হবে এবং এমডিজি বাস্তবায়ন করা যাবে।তথ্যসমাজ প্রতিষ্ঠার জন্য সমীক্ষায় পাঁচটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে। এগুলো হলো উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, দুর্যোগ ব্যবস্থাপনায় আইসিটির ব্যবহার এবং সাইবার জগত ও সাইবার নিরাপত্তা।সমীক্ষা প্রতিবেদন সম্পর্কে আইটিইউ মতামত গ্রহণ করবে। ওয়েব ২.০ প্রযুক্তি ব্যবহার করে মতামত ও বিভিন্ন দেশের উন্নয়ন প্রকল্পের তথ্য সংগ্রহ করা হবে। সমীক্ষা প্রতিবেদনটি পাওয়া যাবে www.itu.int/wsis/implementation/2010/forum/geneva/publications.htmlঠিকানার ওয়েবসাইট থেকে। —রেজা সেলিম, জেনেভা (সুইজারল্যান্ড) থেকে