সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা সামাজিক, যেকোনো প্রেক্ষাপটেই পৃথিবীর উত্তর এবং দক্ষিণের দেশগুলোর উন্নয়নের ধারায় রয়েছে সুস্পষ্ট পার্থক্য। উত্তরের দেশগুলো উন্নতির শিখরে পৌঁছালেও দক্ষিণের দেশগুলো ‘উন্নয়নশীল’। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর দক্ষিণের একটি দেশ। আর দক্ষিণের দেশগুলোর রয়েছে নিজস্ব সমস্যা, সে সমস্যার সমাধান করতে হবে নিজেদেরই। সে জন্য দরকার পারস্পরিক সহযোগিতা-সমঝোতা। অপরদিকে উত্তরের দেশগুলোর অভিজ্ঞতা থেকে নিতে হবে শিক্ষা। আর এ জন্য দরকার তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির উদ্যোগে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের জন্য আয়োজিত এক মতবিনিময় সভা ও ইফতার পার্টিতে উঠে আসে এই কথাগুলো।
এ আয়োজনে কূটনীতিকদের সামনে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সরকারি যেসব সেবা জনগণের কাছে পৌঁছানো হচ্ছে সেগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘সম্ভাবনা অসীম, আমাদের যেতে হবে অনেকদূর। আমরা সবার উপদেশ-সহযোগিতা নিয়েই এগোতে চাই।’ বিশেষ অতিথি ছিলেন চিলির অনারারি কনসাল আসিফ এ. চৌধুরী।
অনুষ্ঠানে ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ারসহ অনেকে। এটুআইয়ের নীতিমালাবিষয়ক উপদেষ্টা অনীর চৌধুরী প্রযুক্তির ব্যবহারে আখচাষিদের সঠিক মূল্যপ্রাপ্তির একটি প্রকল্পের (ই-পুর্জি) উদাহরণ তুলে ধরেন।