
তথ্যপ্রযুক্তি যে আমাদের জীবনযাপন ও সমাজের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ও প্রভাব ফেলছে, তা বোঝা গেছে গত বছর। ২০১৩ সাল ছিল অনলাইন অর্থাৎ ভার্চুয়াল জগতের জন্য উন্মাতাল বছর। গত বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধপরাধী আবদুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। সে দিন বিকেলেই ফেসবুক স্ট্যাটাস আর ব্লগের মাধ্যমে তরুণ প্রজন্ম এ রায়ের প্রতিবাদ করতে সবাইকে শাহবাগে জড়ো হতে আহ্বান জানায়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ হয়ে ওঠে লাখো মানুষের প্রতিবাদের জায়গা। এ দাবির পক্ষে মানুষের সোচ্চার অবস্থান ছড়িয়ে পড়ে সারা দেশে। এ কাজটি হয়েছিল মূলত সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ও বাংলা ব্লগ সাইটগুলোর মাধ্যমে। আবার যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েও প্রচারণা দেখা গেছে অনলাইনে। যুদ্ধাপরাধীদের বিচার ও রাজনৈতিক বিষয় নিয়ে গত বছরের শেষ পর্যন্ত অনলাইন-জগৎ ছিল উন্মাতাল।
বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা গত বছরও বেড়েছে উল্লেখযোগ্য হারে। পাশাপাশি বেড়েছে অনলাইনভিত্তিক পত্রিকা বা সংবাদমাধ্যমের সংখ্যাও। দীর্ঘ কয়েক মাস বন্ধ রাখার পর গত বছর আবার বাংলাদেশে খুলে দেওয়া হয় ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। গত বছর সংশোধিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০১৩ অনুমোদন পায় জাতীয় সংসদে। কিন্তু এ সংশোধনীতে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে প্রায় সব পক্ষই।
অক্টোবরের শেষ সপ্তাহে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে হরতাল-অবরোধের কারণে তথ্যপ্রযুক্তি বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। প্রায় শতভাগ আমদানিনির্ভর এই খাতে রীতিমতো মন্দাবস্থা বিরাজ করছে। প্রযুক্তিপণ্যের বিকিকিনি কমতে কমতে ২০১৩ সালের শেষদিকে ২০ শতাংশে এসে দাঁড়িয়েছে। কয়েক বছর ধরে দেশে ফেসবুককেন্দ্রিক নানা ধরনের ব্যবসায় উদ্যোগের রমরমা ভাব দেখা যাচ্ছে। গত বছর এ অবস্থার আরও উন্নতি হয়েছে। একদিকে অনেক ফেসবুক উদ্যোগ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, অন্যদিকে নতুন নতুন ফেসবুক উদ্যোগ তৈরি হতে দেখা গেছে। সব মিলিয়ে ২০১৩ সালে দেশের তথ্যপ্রযুক্তি খাত বেশ উথালপাতাল সময় কাটিয়েছে।
বাংলাদেশে কম্পিউটারের সূবর্ণজয়ন্তী
আজকের দিনটি দিয়ে যে বছরের সূচনা হচ্ছে, সেই ২০১৪ সালে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি-জগৎ একটি বড় মাইলফলক পেরোতে যাচ্ছে। সেটি হলো, এ বছরই বাংলাদেশে কম্পিউটার প্রচলনের ৫০ বছর পূর্ণ হতে চলেছে। ১৯৬৪ সালে আদমজী জুটমিলের জন্য প্রথমবারের মতো আইবিএমের একটি মেইনফ্রেম কম্পিউটার ঢাকায় আনা হয়। সেটি ছিল তৎকালীন পাকিস্তানের প্রথম কম্পিউটার।
৫০ বছরে কম্পিউটার প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ সব সময় সফল হয়নি এ কথা সত্য, কিন্তু ১০ কোটি মুঠোফোন ব্যবহারকারী, দেশব্যাপী ইন্টারনেট, জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইস, যন্ত্রে পাঠযোগ্য (মেশিন রিডেবল) পাসপোর্ট এসব নিয়ামক বলে দেয় কম্পিউটারের ব্যাপক প্রসার এ দেশে ঘটেছে।