উন্মুক্ত ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
উন্মুক্ত ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এক রুদ্ধদ্বার বৈঠক করেছে। ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ও যুক্তরাষ্ট্রের ব্রডব্যান্ড ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরিজন ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দিষ্ট ইন্টারনেট ট্রাফিক (ইন্টারনেটে তথ্য, ফাইল আদান-প্রদান প্রক্রিয়া নিয়ন্ত্রণ) ব্যবস্থা চালুর পরিকল্পনা প্রকাশ করার পর এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্যপ্রযুুক্তি প্রতিষ্ঠানগুলোর মতে, গুগল ও ভেরিজনের ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে কার্যত ইন্টারনেটের মৃত্যু হবে। গত সপ্তাহে প্রায় ১০০ মানুষ ইন্টারনেট উন্মুক্ত রাখার দাবিতে ক্যালিফোর্নিয়ায় গুগলের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তারা তিন লাখ লোকের সই-সংবলিত একটি স্মারকলিপি গুগল-প্রধানের কাছে হস্তান্তর করে। ওয়াশিংটনে তথ্যপ্রযুক্তি শিল্প কাউন্সিল (আইটিআই) আয়োজিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর রুদ্ধদ্বার বৈঠকে বলা হয়, সরকার যখন ২০২০ সালের মধ্যে প্রতিটি নাগরিকের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তখন ইন্টারনেট ট্রাফিকের ব্যবস্থা চালু করার উদ্যোগ কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এটা ইন্টারনেটের অগ্রগতিকে থামিয়ে দেবে। বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, ইন্টারনেটের গতির দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৫তম। তার ওপর যদি ইন্টারনেট ট্রাফিকের ব্যবস্থা করা হয় তাহলে লোকজন ইন্টারনেট ব্যবহারে আগ্রহ হারিয়ে ফেলবে এবং একপর্যায়ে এ শিল্পে স্থবিরতা দেখা দেবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান