তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধারণ জনগণের কাছে প্রয়োজনীয় সরকারি তথ্য সহজে পৌঁছানোসহ বিভিন্ন কাজ সহজ করতে ‘সবার জন্য উন্মুক্ত সরকারি তথ্য’ (ওপেন গভর্নমেন্ট ডেটা—ওজিডি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে তিন দিনের কর্মশালা।
‘উন্মুক্ত সরকারি তথ্যের স্পর্শকাতরতা, কৌশলগত পরিকল্পনার ফাঁকফোকর’ শীর্ষক এ কর্মশালার আয়োজক জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের (ইউএনডিইএসএ) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (ডিপিএডিএম) বিভাগ এবং অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। কর্মশালা শেষ হবে আজ।
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সম্মেলনকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগকে সমর্থন করে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে চালু হওয়া জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) ইতিমধ্যে জনগণের তথ্য প্রাপ্তির বিষয়টি অনেক সহজ করেছে। এটি সবার জন্য উন্মুক্ত সরকারির তথ্য বাস্তবায়নের ক্ষেত্রে সহায়তা করবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম, এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেস্ফোর্ড, ইউএসএইড বাংলাদেশের অফিস অব ডেমোক্রেসি অ্যান্ড গভর্নেন্স বিভাগের উপপরিচালক জ্যাসন স্মিথসহ অনেকে।
কর্মশালায় বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ, ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোরশেদ, এটুআইয়ের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী, তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক আরফে এলাহী, ইউএনডিইএসএর জ্যেষ্ঠ সুশাসন কর্মকর্তা ভেলেন্টিনা রেস্টা, ডিপিএডিএম প্রকল্পের পরামর্শক ডেনিয়েল ডিয়েট্রিসসহ অনেকে। কর্মশালায় বাংলাদেশে উন্মুক্ত তথ্যের সুফল, সবার জন্য উন্মুক্ত সরকারির তথ্য বাংলাদেশে কেন গুরুত্বপূর্ণ, কীভাবে, বাংলাদেশে এর সুযোগ ও বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আজ জাতীয় ওজিডি কৌশলগত ও নীতিমালাবিষয়ক ফ্রেমওয়ার্ক, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন, টেকসই উন্নয়নের জন্য ওপেন ডেটা, টেকসইভিত্তিক সবার জন্য উন্মুক্ত সরকারির তথ্য বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।
আয়োজকেরা জানান, বিভিন্ন সরকারি ও বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উন্মুক্ত সরকারি তথ্য সম্পর্কে ধারণা দেওয়া এবং এ প্রয়োজনীয়তা তুলে ধরা ও ব্যবহারে উৎসাহিত করে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। জাতীয়ভাবে আদমশুমারি থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণা, স্বাস্থ্য, বাণিজ্য, আবহাওয়ার তথ্য সংগ্রহ করে বিভিন্ন ফলাফল তৈরি করা হয় সরকারিভাবে। ওজিডি বাস্তবায়ন হলে যেকোনো বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়া যাবে।
নিজস্ব প্রতিবেদক