উন্মুক্ত হলো পিন্টারেস্ট
সবার জন্য সাইন-আপ করার নীতিমালা উন্মুক্ত করল ছবিনির্ভর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট পিন্টারেস্ট। এর আগে ব্যবহারকারীদের পিন্টারেস্টে সাইন-আপ করার জন্য কারও কাছ থেকে আমন্ত্রণ পেতে হতো। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে পিন্টারেস্ট এখন পরিচিত নাম। পিন্টারেস্ট হচ্ছে পিনবোর্ড আদলের ছবি শেয়ারের ওয়েবসাইট। ২০১০ সালের মার্চ মাসে চালু হয় পিন্টারেস্ট। সাইটটির স্লোগান হচ্ছে, ‘মজাদার কোনো বিষয় সবার সঙ্গে শেয়ার করা’। ২০১১ সালের ১৬ আগস্ট টাইম ম্যাগাজিনে প্রকাশিত সেরা ৫০টি ওয়েবসাইটের মধ্যে স্থান করে নিয়েছিল পিন্টারেস্ট। ২০১১ সালের ডিসেম্বরে ওয়েবসাইট বিশ্লেষক প্রতিষ্ঠান হিটওয়াইজ পিন্টারেস্টকে সেরা ১০টি সামাজিক যোগাযোগের তালিকায় স্থান দেয়। বর্তমানে এ সাইটটি ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি।ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও পিন্টারেস্টে তাঁর অ্যাকাউন্ট খুলেছেন। ওয়েব রেটিং প্রতিষ্ঠান কমস্কোরের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এখন তৃতীয় দ্রুত বর্ধনশীল ওয়েবসাইটটির নাম পিন্টারেস্ট। পিন্টারেস্ট ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টে পছন্দের ডিজাইন, ফ্যাশন, ট্রাভেল, বই বা অন্যান্য জিনিস ভারচুয়াল বোর্ডে পিন দিয়ে আটকে রাখতে পারেন। এত দিন পিন্টারেস্ট ব্যবহারকারীর কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পর এ সাইটটি ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা। এবার সবার জন্য উন্মুক্ত হলো সাইটটি। টুইটার ও ফেসবুক ব্যবহার করেও লগইনের ব্যবস্থা রয়েছে। সাইটটিতে অ্যাকাউন্ট খোলার পর ‘পিন ইট’ বাটন থেকে ছবি শেয়ার করা বা কম্পিউটার থেকে ছবি আপলোড করে বোর্ডে দেখানো যায়। বোর্ডের ছবি বা লিংক শেয়ারও করা যায়। এ ছাড়া ‘পিন ফিডের’ মাধ্যমে অন্যান্য ব্যবহারকারীর তথ্য দেখার ব্যবস্থাও রয়েছে। পিন্টারেস্ট কর্তৃপক্ষ এখন এ সাইটটিকে ব্যবসাবান্ধব করার জন্য বিভিন্ন উপায় নিয়ে পরীক্ষা চালাচ্ছে। পিন্টারেস্ট ওয়েবসাইটের ঠিকানা: pinterest.com