উন্মুক্তের আগেই ফাঁস ব্ল্যাকবেরি মেসেঞ্জার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাকবেরি মেসেঞ্জার
ব্ল্যাকবেরি মেসেঞ্জার

কানাডার মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি পড়েছে বিপাকে। মোটেও ভালো সময় যাচ্ছে না প্রতিষ্ঠানটির। সাড়ে চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা, তিন মাসে একশো কোটি ডলার লোকসানের পর এবার আশার আলো হয়ে থাকা ব্ল্যাকবেরি মেসেঞ্জার নিয়েও বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য ব্ল্যাকবেরি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করার আগেই অনলাইনে সংস্করণটি ফাঁস হয়ে গেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, সৌদি আরবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ব্ল্যাকবেরি মেসেঞ্জার উন্মুক্ত করার মাত্র এক ঘণ্টার মধ্যেই আবার তা সরিয়ে নিয়েছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ।
ব্ল্যাকবেরি জানিয়েছে, ব্ল্যাকবেরি মেসেঞ্জারের যে সংস্করণটি তাঁদের উন্মুক্ত করার কথা ছিল তার আগেই অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য একটি সংস্করণ অনলাইনে ফাঁস হয়ে যায়। আনুষ্ঠানিকভাবে মূল সংস্করণটি প্রকাশিত হওয়ার আগে মাত্র আট ঘণ্টায় ১১ লাখ গ্রাহক ফাঁস হওয়া সংস্করণটি ডাউনলোড করে ফেলে। ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ফাঁস হওয়া ব্ল্যাকবেরি মেসেঞ্জারে ত্রুটি খুঁজে পাওয়ায় আকস্মিকভাবেই ব্ল্যাকবেরি মেসেঞ্জার উন্মুক্ত করার সিদ্ধান্তটি বদলানো হয়েছে। অবশ্য যারা ডাউনলোড করে ফেলেছেন তাদের ব্ল্যাকবেরি মেসেঞ্জার ব্যবহার চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ব্ল্যাকবেরি কর্মকর্তারা।

ব্ল্যাকবেরির মেসেঞ্জারের ফাঁস হওয়া সংস্করণটি বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ আবার আনুষ্ঠানিকভাবে মেসেঞ্জার উন্মুক্ত করা হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।