আচমকা ঝড়-জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। ওদের নিরন্তর লড়াই প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে। উপকূলের এসব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে ভাসমান হাসপাতাল রংধনু
উপকূলের রংধনু

২৭ জানুয়ারি, ২০১৩। কুতুবদিয়ার লেমশাখালীর মালেক শাহ ঘাট। চার দিন হলো ভাসমান হাসপাতাল রংধনু নোঙর ফেলেছে মালেক শাহ ঘাটে। কাজের চাপে দিনগুলো যে কীভাবে গেল, টেরও পেলেন না হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপক আতিক উল্লাহ। পঞ্চম দিনের ঘটনা। শেষ বিকেলে ক্লান্তি কাটাতে জাহাজের ডেকে উঠে এলেন তিনি। সেখানে জড়ো হয়েছেন জনা পঞ্চাশেক মানুষ। তাঁরা কেউ এসেছেন নিজে চিকিৎসা নিতে, কেউ এসেছেন স্বজনের সঙ্গে। হঠাৎ আতিকের চোখ গেল ডেকের কোনায় বসে থাকা ১০ বছরের এক শিশুর দিকে। তার চুলে পরম মমতায় বিলি কাটছেন পাশে বসা বৃদ্ধা। শিশুটির পরনে রংচটা সবুজ ফতুয়া আর হাফপ্যান্ট। আতিক কাছে গেলে উঠে দাঁড়ালেন বৃদ্ধা। তিনি জানালেন, শিশুটি তাঁর নাতি। নাম নয়ন দাশ। মা-বাবাকে হারিয়েছে ঝড়ে। নয়নের হার্নিয়ার সমস্যা। চিকিৎসা করানোর সামর্থ্য নেই। খবর পেয়ে ছুটে এসেছেন এই ভাসমান হাসপাতালে।
রংধনু ভাসমান হাসপাতালে সফল অস্ত্রোপচার হলো নয়ন দাশের। ফেরার দিন বৃদ্ধার চোখে পানি দেখেছিলেন আতিক—আনন্দাশ্রু!
হাসপাতাল পরিচালনাকারী বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের চট্টগ্রাম কার্যালয়ে বসে সেদিনের অভিজ্ঞতা বলছিলেন আতিক। তাঁর চোখেমুখে খেলা করছিল আত্মতৃপ্তি।
চালু হওয়ার পর থেকে এ রকম বহু হূদয় ছুঁয়ে যাওয়া ঘটনার জন্ম দিয়েছে রংধনু ভাসমান হাসপাতাল। উপকূলের নয়নদের বিবর্ণ জীবনে এভাবেই রং ছড়িয়ে দিচ্ছে রংধনু।
কুতুবদিয়ায় ৪৬ শিশুর দুরন্ত শৈশব ফিরিয়ে দিয়েছে এই ভাসমান হাসপাতাল। এদের সবাই ভুগছিল একশিরা ও হার্নিয়ার সমস্যায়। সামান্য একটা অস্ত্রোপচার এসব শিশুকে মুক্তি দিয়েছে দীর্ঘদিনের যন্ত্রণা থেকে।
বিবর্ণ জীবনে রংধনু রং

ওদের নিরন্তর লড়াই প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে। ঝড়-জলোচ্ছ্বাস কখনো কখনো পরিবারসুদ্ধ ভাসিয়ে নিয়ে যায়। টিকে থাকার এ এক দুরূহ সংগ্রাম। স্বাস্থ্য নিয়ে ভাবার সময় কোথায় তাদের! তার ওপর উপজেলা সদর থেকে গ্রামের দূরত্ব তো আছেই। কেউ মাছ ধরে, কেউ লবণশ্রমিক। চিকিৎসা কিংবা অস্ত্রোপচারের জন্য আলাদা খরচ, সে তো অনেক দূরের ব্যাপার। খুব বেশি প্রয়োজন হলে ভরসা বাজারের ওষুধের দোকানদার। এসব মানুষেরই পাশে দাঁড়িয়েছে ‘রংধনু’।
দক্ষিণ উপকূলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে ভাসমান হাসপাতালটি। জাহাজে বানানো হাসপাতালে রয়েছে সব ধরনের সেবা।
২০১২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রামের মেরিন ওয়ার্কশপ ঘাটে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সত্যিকার অর্থে হাসপাতালের কার্যক্রম শুরু হয় এ বছরের ২৩ জানুয়ারি থেকে। প্রথম নোঙর বঙ্গোপসাগর উপকূলের কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। উপজেলার লেমশাখালী ইউনিয়নের মালেক শাহ ঘাটে অবস্থান নেয় ভাসমান হাসপাতাল। যেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে আসতে শুধু বোট ভাড়াই লাগে ৩৫০ টাকা। তাই রংধনু ঘাটে নোঙর করতেই সাড়া পড়ে যায়। দলে দলে ছুটে আসে মানুষ। রোগী দেখে কূল পাচ্ছিলেন না চিকিৎসকেরা। সকাল থেকে সন্ধ্যা, এমনকি মাঝরাতেও ফুরসত মেলেনি হাসপাতালের কর্মীদের।
হাসপাতালের চিকিৎসক রতন কুমার খীসা বলেন, ‘দিনে দুই শতাধিক রোগী দেখতে হয়েছে। মাত্র পাঁচ টাকায় চিকিৎসাসেবা। সঙ্গে ওষুধ বিনা মূল্যে। অনেককে দেখেছি হাত তুলে প্রাণভরে দোয়া করেছেন আমাদের জন্য।’
লেমশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন বলেন, দ্বীপের মানুষের জন্য এটি অনেক বড় পাওয়া। মানুষগুলো ঠিকমতো কখনো ডাক্তারের সেবাই পায়নি। এখন রংধনুর মাধ্যমে পেল বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা।
রংধনু কুতুবদিয়ায় অবস্থান করে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে অস্ত্রোপচারের পাশাপাশি চিকিৎসাসেবা দেওয়া হয় সাড়ে চার হাজার মানুষকে। এরপর ১২ মার্চ যাত্রা করে নোয়াখালী জেলার হাতিয়ার নলচিরা ইউনিয়নে। সেখানেও একই দৃশ্য। চরের মানুষগুলো অতিদরিদ্র। বয়স্কদের বেশির ভাগ আক্রান্ত চোখের ছানিপড়া রোগে। ৭১ জন ছানিপড়া রোগীর অপারেশন করানো হয় হাতিয়ায়। যাঁদের বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। অন্যান্য সেবা তো ছিলই। সেখানে রংধনু অবস্থান করে ২০ দিন। এবার রংধনু নোঙর করেছে খুলনার মংলায়। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে সেবা। চলবে জুলাই পর্যন্ত। এরপর ঠিক হবে পরবর্তী গন্তব্য।
ওয়ারিয়ার থেকে রংধনু
পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ইন্টারন্যাশনালের জাহাজ, রেইনবো ওয়ারিয়ার-২। টানা ২২ বছর বিশ্বব্যাপী পরিবেশ রক্ষাবিষয়ক প্রচারণায় কাজ করেছে জাহাজটি। ২০১১ সালের ১৬ আগস্ট এটি হস্তান্তর করা হয় ফ্রেন্ডশিপের কাছে। ২৮ আগস্ট চট্টগ্রাম বন্দরে ভেড়ে ওয়ারিয়ার। এরপর বাংলাদেশের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে এটিকে রূপান্তর করা হয় হাসপাতালে। এতে আর্থিক সহায়তা দেয় নেদারল্যান্ডসের এসকে ফাউন্ডেশন ও কর্ড এইড, হংকংয়ের কাডুরি চ্যারিটিবেল ফাউন্ডেশন এবং লুক্সেমবার্গের ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল।
হাসপাতালটিতে রয়েছে কম্পিউটারভিত্তিক হাসপাতাল ব্যবস্থাপনা সফটওয়্যার। জাহাজের ডেকে চলে নিবন্ধন কার্যক্রম। এ ছাড়া হাসপাতালে জরুরি সেবা দেওয়ার জন্য রয়েছে চারটি শয্যা, চিকিৎসকদের জন্য আলাদা কক্ষ, দুটি অপারেশন থিয়েটার, গাইনোকোলজি ও নারী-শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা বিভাগ। আছে পৃথক চক্ষু ও দন্ত বিভাগ, রোগনির্ণয়কেন্দ্র এবং ডিজিটাল এক্স-রে কক্ষ। ওষুধ বিভাগও রয়েছে, যেখান থেকে রোগীদের বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। জাহাজটিতে সব সময় কাজ করেন দুজন চিকিৎসকসহ ১৫ জন কর্মী।
খবির উদ্দিনের চোখে আলো

হাতিয়ার নলচিরা ইউনিয়নের ফরায়েজি গ্রামের খবির উদ্দিন (৭০)। ছানি পড়ে ছয় বছর ধরে ডান চোখে দেখতে পান না। অন্যটি দিয়েও ভালো দেখতেন না। দৃষ্টিশক্তি হারিয়ে ফেলায় কাজও বন্ধ। আগে দিনমজুর ছিলেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করায় ছেলেমেয়েরাও ছেড়ে গেছেন অনেক আগে। স্ত্রী জ্যোৎস্না বেগম অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে দুবেলার খাবার জোটান। নিজের কোনো ভিটেমাটি নেই। সরকারি খাসজমিতে এক কক্ষের কুঁড়েঘরে মাথা গোঁজার ঠাঁই। সেই খবির উদ্দিন এখন কিছু একটা করে জীবিকা নির্বাহের স্বপ্ন দেখছেন। রংধনু হাতিয়ায় চিকিৎসাসেবা দিতে গেলে হাসপাতালে চোখে অস্ত্রোপচারের সুযোগ পান তিনি। ছানি অস্ত্রোপচারের পর খবির উদ্দিন সুস্থ এবং দুচোখে ভালো দেখতে পাচ্ছেন।
নলচিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ‘আমরা চাই, রংধনু এখানে আবার আসুক।’
শুধু রংধনু নয়
ফ্রেন্ডশিপের রংধনু ছাড়াও রয়েছে আরও দুটি ভাসমান হাসপাতাল। এর মধ্যে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালটি ২০০১ সালের ডিসেম্বর থেকে ও এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতাল ২০০৮ সালের নভেম্বর মাস থেকে সেবা দিচ্ছে। সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর দক্ষিণ উপকূলে ভাসমান হাসপাতাল নিয়ে জরুরি সেবা দেয় ফ্রেন্ডশিপ। তখন চোখে পড়ে উপকূলের মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও অনেক দূরে। তাদের স্বাস্থ্যসেবার আওতায় আনার চিন্তা থেকে রংধনুর যাত্রা। ভবিষ্যতেও দক্ষিণ উপকূলে মানুষের বন্ধু হয়ে থাকতে চায় রংধনু।
মহাসেনেও তাদের পাশে

ঘূর্ণিঝড় মহাসেন এগিয়ে আসার খবরে উপকূলের মানুষকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল সবার। সে সময়ও উপকূলবাসীর পাশে ছিল ফ্রেন্ডশিপ। ঘূর্ণিঝড় সৃষ্টির পর ১৪ মে থেকে পটুয়াখালীর কলাপাড়া এবং বরগুনার আমতলীর তালতলী দ্বীপে অবস্থান নেন ফ্রেন্ডশিপের কর্মীরা। তাঁরা সেখানকার লোকজনকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসেন। জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রস্তুত ছিল ভাসমান হাসপাতাল রংধনু।