উপগ্রহ প্রেরণে আবারও ব্যর্থ চীন
১৯৯৬ সালের পর দ্বিতীয়বারের মতো মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ প্রেরণে ব্যর্থ হয়েছে চীন। রকেটের যান্ত্রিক গোলযোগের কারণে এই পরীক্ষামূলক উপগ্রহটি প্রেরণ করা যায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।গত বৃহস্পতিবার এসজে-১১-০৪ নামের এ উপগ্রহটি উৎক্ষেপণের চেষ্টা করেছিল চীন। কিন্তু লং মার্চ ২-সি রকেটটির যান্ত্রিক ত্রুটির কারণে মিশনটি সফলভাবে শেষ করা যায়নি বলে জানা গেছে। এটাকে শুধু একটা পরীক্ষামূলক উপগ্রহ বলেই জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। এর বাইরে আর কিছু জানাতে রাজি হয়নি তারা। তবে নাসা স্পেস ফ্লাইট ডট কম নামের একটি ওয়েবসাইটের ফোরামে পর্যবেক্ষকেরা দাবি করেছেন, প্রতিরক্ষাব্যবস্থার আগাম সতর্কবার্তা শোনার জন্যই এ উপগ্রহটি পাঠাচ্ছিল চীন। টানা ৩৫ বারের সফল অভিযানের পর এ প্রথম ব্যর্থ হলো লং মার্চ ২-সি নামের এ রকেটটি। কর্তৃপক্ষ ইতিমধ্যেই এ ব্যর্থতার কারণ অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছে সিনহুয়া।আমেরিকা ও রাশিয়ার পর এককভাবে মহাশূন্যে মানুষ পাঠানোর কৃতিত্ব অর্জন করেছে চীন। রাশিয়ান প্রযুক্তির সহায়তায় ১৯৯০ সালেই প্রথম মহাকাশ অভিযান শুরু করে এশিয়ান এ দেশটি। ওয়েবসাইট।