উপজেলা নিয়ে ওয়েবসাইট
জয়পুরহাটের কালাই উপজেলার নানা বিষয় নিয়ে চালু হবে ওয়েবসাইট। এর মাধ্যমে পাওয়া যাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দরকারি সব তথ্যসেবা। উপজেলাভিত্তিক তথ্য বাতায়ন বা ওয়েব পোর্টাল চালুর জন্য এরই মধ্যে সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানভিত্তিক তথ্যভান্ডার। তথ্যভান্ডারে উপজেলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-কালচার তুলে ধরা ছাড়াও এখানে থাকবে উপজেলা পর্যায়ের সরকারি সব দপ্তরের আলাদা তথ্যকোষ; থাকবে সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচিতি। উপজেলাভিত্তিক ‘ওয়েব পোর্টাল’ চালুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রতিষ্ঠানভিত্তিক তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ। কয়েক দিন ধরে নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রতিষ্ঠানভিত্তিক তথ্যকোষের সিডি ও প্রিন্টকপি সংগ্রহ করা হচ্ছে। ‘উপজেলা তথ্য বাতায়ন’ চালুর প্রস্তুতির অংশ হিসেবে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে শুরু হয়েছে ই-প্রশিক্ষণ কর্মশালা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ’ (এটুআই) কর্মসূচির প্রশিক্ষকেরা এ কর্মশালায় উপজেলাভিত্তিক ‘ওয়েব পোর্টাল’ তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন। কালাইয়ের ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, জেলা তথ্য বাতায়নের আদলেই চালু হচ্ছে কালাই উপজেলাভিত্তিক ওয়েব পোর্টাল। এটি জেলা তথ্য বাতায়ন এবং ইউনিয়ন তথ্যকেন্দ্রের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে। তা ছাড়া এই পোর্টাল সংযুক্ত থাকবে ইউনিয়নভিত্তিক আলাদা ওয়েব পোর্টালে। এই ওয়েব পোর্টাল চালুর মাধ্যমে তথ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত হবে। আগামী কয়েক দিনের মধ্যে ই-প্রযুক্তির মাধ্যমে কালাই উপজেলার তথ্য বাতায়নে যে কেউ প্রবেশ করে সরকারি-বেসরকারি তথ্যভান্ডার থেকে প্রয়োজনীয় সব তথ্য জেনে নিতে পারবে। ডাউনলোড করতে পারবে দরকারি তথ্য।—আনোয়ার পারভেজ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি