উপজেলা পর্যায়ে তথ্যপ্রযুক্তির ওয়ানস্টপ সেবা
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার জন্য দেশের সব উপজেলায় ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে। গতকাল বুধবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ডিজিটাল বাংলাদেশ কর্মশালায় এ কথা বলা হয়। কর্মশালার উদ্বোধন করেন সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ।তিনি বলেন, উপজেলা পর্যায়ে ইউএনও ডিজিটাল বাংলাদেশের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন। তাই সবার আগে তাঁদের তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন হতে হবে। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান বলেন, এত দিন মানুষ আসত সরকারের কাছে, এখন সরকার সেবা নিয়ে জনগণের কাছে যাবে। খবর বিজ্ঞপ্তির।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ২৩ জন ইউএনওর জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এর আগে ৬ অক্টোবর ৫০ জন ইউএনওকে একই বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।