উপজেলা পর্যায়েও প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পর্যায় থেকে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ছড়িয়ে পড়েছে উপজেলা পর্যায়েও। ২৮ মার্চ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এবং গতকাল ২৯ মার্চ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। স্থানীয় আয়োজক হিসেবে ছিল উপজেলা প্রশাসন। একই সঙ্গে ২৮ মার্চ কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় ও তাদের দক্ষতা বাড়ানোর জন্য সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ তৃতীয়বারের মতো জাতীয় হাইস্কুল আইসিটি কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৬টি আঞ্চলিক ও ৩টি উপজেলা পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে। এরপর ধারাবাহিক নির্বাচনের মাধ্যমে ইরানের তেহরানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের সদস্যদের নির্বাচন করা হবে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) প্রতিযোগিতার বাস্তবায়ন সহযোগী হিসেবে এবং কোড মার্শাল জাজিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
প্রতিযোগিতার সময়সূচি www.nhspc.org  ঠিকানার ওয়েবসাইটে পাওয়া যাবে।