উপহার যখন অ্যাপল ওয়াচ

পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্টওয়াচের জনপ্রিয়তা বাড়ছে। সংগতিপন্ন অনেকে উপহার হিসেবে স্মার্টওয়াচ দিচ্ছেন। এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল। যুক্তরাষ্ট্রে এবার ছুটির মৌসুমে অধিকাংশ অ্যাপল ওয়াচ ব্যবহারকারী এটাই উপহার হিসেবে দেওয়ার কথা ভাবছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার রয়টার্স এ জরিপের ফল জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
জরিপে দেখা গেছে, ৭ শতাংশ মার্কিনি এবারের হলিডে মৌসুমে স্মার্টওয়াচ উপহার হিসেবে দেওয়ার কথা ভাবছেন। এঁদের মধ্যে বর্তমানে অ্যাপল ওয়াচ ব্যবহার করছেন—এমন ব্যক্তিরাও আছেন।
জরিপের তথ্য সঠিক হলে অ্যাপলের জন্য তা সুখবর। এবারের মৌসুমে ১ কোটি ৬০ লাখ অ্যাপল ওয়াচ বিক্রি হয়ে যাবে। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা এফবিআর ক্যাপিটাল মার্কেটসের বিশ্লেষক ড্যানিয়েল আইভস বলেন, প্রতিষ্ঠান বাজার অ্যাপল ওয়াচ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের পূর্বাভাস হচ্ছে, এ মৌসুমে ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ ইউনিট অ্যাপল ওয়াচ বিক্রি হবে। আমার মনে হয়, এ মৌসুমে বিশ্বজুড়ে ১ কোটি ২০ লাখ ইউনিট অ্যাপল ওয়াচ বিক্রি হতে পারে।
রয়টার্সের জরিপে দেখা গেছে, যাঁদের অ্যাপল ওয়াচ আছে, তাঁদের মধ্যে উপহার হিসেবে অন্যকে অ্যাপল ওয়াচ দেওয়ার প্রবণতা বেশি। জরিপে অ্যাপল ওয়াচ উপহার হিসেবে দেওয়ার পক্ষে ৬২ শতাংশ মত দিয়েছেন।
আইভস বলেন, এ বছরের এপ্রিলে অ্যাপল ওয়াচ বাজারে আসার পর সরবরাহ-সমস্যা ও স্বল্প চাহিদা নিয়ে দুশ্চিন্তা থাকলেও অ্যাপল এখন বিনিয়োগকারীদের ভরসা দিতে পারে। ৩৪৯ মার্কিন ডলার দামের এই অ্যাপল ওয়াচ বাজারে আসার পর থেকে কত বিক্রি হয়েছে, সে সম্পর্কিত কোনো তথ্য এখনো জানায়নি। বার্তা সংস্থা রয়টার্সের জরিপের বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাপলের কর্মকর্তারা।
জরিপে দেখা গেছে, অ্যাপল ওয়াচ কেনার পর থেকে এটি প্রায় সময় পরে থাকেন এর ক্রেতারা। তবে এটি ঠিক কোন কাজের জন্য তাঁরা ব্যবহার করেন, তাতে ভিন্নতা দেখা গেছে।
অ্যাপল তাদের স্মার্টওয়াচকে শরীরের বিভিন্ন তথ্য জানার ও যোগাযোগের ফিচারযুক্ত পণ্য হিসেবে দাবি করে। তবে স্মার্টওয়াচের কোনো একক ফিচার সবচেয়ে উল্লেখযোগ্য হিসেবে উঠে আসেনি। টেকঅ্যানালাইসিস রিসার্চের বিশ্লেষক ও’ডনেল বলেন, এ স্মার্টওয়াচ আসলে কোন কাজের জন্য, সেটি সম্পর্কে গ্রাহকেরা এখনো ঠিকমতো জানেন না বা বুঝে উঠতে পারেননি।
জরিপে, ৬৩ শতাংশ অ্যাপল ওয়াচ ব্যবহারকারী মত দিয়েছেন যে, প্রতিদিন তাঁরা এটি পরেন। ৫ শতাংশ অ্যাপল ওয়াচ ব্যবহার ছেড়েছেন।
১৫ হাজার ৫৯৫ জনকে নিয়ে অনলাইনে অক্টোবর ২১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এ জরিপ চালানো হয়।