উবার ব্যবহার করবেন কীভাবে?

রাজধানী ঢাকায় স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা উবার চালু হয়েছে গত মঙ্গলবার। দক্ষিণ এশিয়ার ৩৩তম শহর হিসেবে ঢাকায় কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নাল-এর হিসাব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ বা নতুন ব্যবসায় উদ্যোগ হলো উবার। বিশ্বের ৪৫০টির বেশি শহরে এর কার্যক্রম চালু আছে। ঢাকা শহরে উবারের ব্যবহার কীভাবে করবেন তা এখানে দেওয়া হলো:
স্মার্টফোনভেদে অ্যান্ড্রয়েড কিংবা আইওএস অ্যাপ নামিয়ে নিন। নামানোর ঠিকানা:
অ্যান্ড্রয়েড
https://goo.gl/xEZdLH
আইওএস
https://goo.gl/6JFrtn

* নাম, ই-মেইল, মুঠোফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। একটা সাংকেতিক নম্বর মুঠোফোনের এসএমএসে আসবে। সেটি দিয়ে তারপর অ্যাপে লগইন করুন।
* অ্যাপের মূল পাতায় মানচিত্রে দেখে নিন কাছেপিঠে কোথাও উবারের ট্যাক্সি আছে কি না।
* আপনার অবস্থান অর্থাৎ কোথায় থেকে ট্যাক্সিতে উঠতে চান তা ঠিক করে দিন।

* গন্তব্য ঠিক করে দিতে হবে। একই পাতায় লেনদেনের ধরন ও প্রমোশনাল কোড যোগ করা যাবে। সম্ভাব্য ভাড়া দেখে নেওয়ার সুযোগও আছে।
* সব ঠিকঠাক থাকলে ‘রিকোয়েস্ট উবারএক্স’ বোতাম চাপুন। ট্যাক্সি চালকের ছবি, পরিচয় ও গাড়ির ধরন দেখাবে।
* বাতিল না করলে নির্দিষ্ট সময় পরে ট্যাক্সি এসে হাজির হবে। মানচিত্রে ট্যাক্সির অবস্থান দেখাবে, প্রয়োজনে মুঠোফোনে যোগাযোগের সুযোগও আছে।