মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাশাপাশি উবুন্টু ব্যবহার করা যায় সহজে। আর উইন্ডোজ থাকার পরও ‘ডুয়েলবুট’ হিসাবে উবুন্টু ইনস্টল করতে তেমন কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। তবে উইন্ডোজ ইনস্টল থাকা অবস্থায় উবুন্টু ইনস্টল করা হয় বলে এটি প্রধান অপারেটিং সিস্টেম হিসেবে নির্দিষ্ট হয়ে যায়। ফলে প্রতিবার কম্পিউটার চালু করার সময় উইন্ডোজকে নির্দিষ্ট করে না দেওয়া হলে উবুন্টু চালু হয়ে যায়। নতুন ব্যবহারকারীরা অনেকেই হয়তো এই পদ্ধতিটি পরিবর্তন করে ডিফল্ট হিসেবে উইন্ডোজ নির্ধারণ করে দিতে চাইবেন। খুব সহজে এই কাজটি করার জন্য স্টার্ট-আপ ম্যানেজার নামে একটি সফটওয়্যার রয়েছে। এটি ইনস্টল কার জন্য Applications\Software Center চালু করতে হবে। সেখানে এর নাম লিখে সফটওয়্যারটি পাওয়া যাবে। এখান থেকে নামিয়ে কম্পিউটারে ইনস্টল করার পর System\Administrator\Startup-manager থেকে সফটওয়্যারটি চালু করতে হবে। সফটওয়্যারটি চালু হওয়ার সময় সাংকেতিক নম্বর (পাসওয়ার্ড) ব্যবহার করতে হবে। সেখানে Default operating system হিসাবে উবুন্টুর নাম লেখা থাকবে। উবুন্টুর পাশের মেনু থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নির্বাচন করলে পরবর্তীতে কম্পিউটার চালু করার সময় ডিফল্ট হিসাবে উইন্ডোজ থাকবে। এই পরিবর্তনটি পরীক্ষা করার জন্য পরেরবার কম্পিউটার চালু হওয়ার সময় ১০ সেকেন্ড অপেক্ষা করলে বোঝা যাবে। এছাড়া কম্পিউটার চালু করার সময় কোন অপারেটিং সিস্টেম চালু হবে সেটি নির্ধারণ করার জন্য ১০ সেকেন্ড অপেক্ষা করা হয়। এই স্টার্টআপ ম্যানেজার ব্যবহার করে এই সময়টি পরিবর্তন করার যাবে। Timeout-এর পাশে ১০ লেখাটি পরিবর্তন করে যে সংখ্যা দেওয়া হবে চালু হওয়ার সময় সেই পরিমাণ সেকেন্ড অপেক্ষা করা হবে। —নাসির খান