উবুন্টুতে যোগ হচ্ছে ‘হুড’
উবুন্টু অপারেটিং সিস্টেমে অ্যাপ্লিকেশন মেন্যুর পরিবর্তে হেড-আপ ডিসপ্লে (এইচইউডি) বক্স যোগ হচ্ছে। এইচইউডি বা হুড ইন্টারফেসে মাউস ব্যবহারের পরিবর্তে কমান্ড দেওয়া যাবে টাইপ করেই। লিনাক্স-ভিত্তিক ওপেন-সোর্স সফটওয়্যার হিসেবে উবুন্টুর হুড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে মেন্যু বার আড়াল করতে পারবেন ব্যবহারকারী। মেন্যু বারে মাউস ব্যবহার করার চেয়েও হুড ব্যবস্থায় কাজ হবে দ্রুত। উবুন্টুর প্রতিষ্ঠাতা মার্ক শাটলওর্থ তার এক ব্লগে এ তথ্য দিয়েছেন।মার্ক শাটলওর্থ ব্লগ পোস্টে লিখেছেন, ‘পদ্ধতিটি স্মার্ট কারণ এটি সহজেই ব্যবহারকারীর সঙ্গে মানিয়ে যায় এবং সচরাচর ব্যবহার করা কমান্ডকে প্রাধান্য দেয়। আমরা বেশ কিছুদিন ধরেই এটা ব্যবহার করছি। মনে হয়েছে, হুড ভালোভাবেই মনের কথা বুঝতে পারে।’শাটলওর্থ তার ব্লগে লিখেছেন, মানুষ যখন সব সময় তার কিবোর্ডে হাত রেখে কাজ করে, তার মনোযোগ অক্ষুণ্ন থাকে। মেন্যু সিস্টেমে কোনো প্রোগ্রামের পুরো বিষয়টা মনে রাখা কঠিন হয় বা কোনো প্রোগ্রাম খুঁজে বের করতে সময় নষ্ট হয়। হুডে এ সমস্যা থাকবে না। পাশাপাশি হুড সিস্টেমে মেন্যু বার না থাকায় কম্পিউটার স্ক্রিনে জায়গাও বাড়বে।সত্তররে দশক থেকেই কম্পিউটারে ব্যবহূত হচ্ছে গ্রাফিকসভিত্তিক মেন্যু পদ্ধতি। তবে মেন্যুর বিকল্প হিসেবেও বেশ কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা এসেছে। যার একটি হচ্ছে মাইক্রোসফটের ‘রিবন’। মোবাইল ডিভাইসগুলোর ক্ষেত্রে কম্পিউটারের মেন্যুর জায়গা দখল করেছে আইকনভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।এদিকে উবুন্টুর হুড বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ ব্রায়ান বিবিসিকে বলেছেন, ‘মেনু সিস্টেমে কোনো বিষয় খুঁজে বেড়ানোর চেয়ে কোনো বিষয় কল্পনা করে পেয়ে যাওয়ার বিষয়টি ব্যবহার বান্ধব। এ পদ্ধতিটি আরো উন্নত করা প্রয়োজন।’হুড চালাতে ব্যবহারকারীকে প্রয়োজনীয় কমান্ডের নামটি টাইপ করতে হবে। এতে অবশ্য সব মেনুর নাম মনে রাখার প্রয়োজন পড়বে না। কেবল অনুমান করে একটা টাইপ করলেই চলবে। হুড প্রয়োজনীয় মেন্যুর একটা তালিকা দেখাবে তারপর সেটা থেকে প্রয়োজনীয় কমান্ডটি দিলেই হবে।বিবিসি জানিয়েছে, মার্ক শাটলওর্থ হুড পদ্ধতির সঙ্গে কণ্ঠস্বর শনাক্তের পদ্ধতি, জেশ্চার বা অঙ্গভঙ্গি শনাক্তের পদ্ধতি এবং টাচ বা স্পর্শ পদ্ধতি জুড়ে দেবার কথাও ভাবছেন। চলতি বছরের এপ্রিল নাগাদ হুড চালু হবে। শাটলওর্থ বলেন, ‘আগামী দুই বছরে আরও বেশি চমক অপেক্ষা করছে।’