মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুতে সফটওয়্যার ইনস্টল করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি আছে। টার্মিনাল থেকে কমান্ড ব্যবহার করে, সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ও অ্যাড-রিমুভ অপশনটি ব্যবহার করে ইনস্টল করতে হবে। এ ছাড়া ওয়েব ব্রাউজার থেকেও সফটওয়্যার ইনস্টল করা যেতে পারে।http:\\appnr.com\ নামে এ ওয়েবসাইটে উবুন্টুতে ইনস্টল করার মতো প্রায় সব সফটওয়্যারের নাম আছে। ক্যাটাগরি অনুযায়ী সফটওয়্যার খোঁজারও ব্যবস্থা আছে এখানে। প্রয়োজনীয় নির্দিষ্ট সফটওয়্যারটিতে ক্লিক করে ইনস্টল করা যাবে, ইনস্টলের আগে এটি নিজে থেকেই সফটওয়্যারটি নামিয়ে নেবে। আর যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলেও এটি জানিয়ে দেবে যে এটি ইনস্টল করাই আছে। এ ছাড়া ওয়েব ব্রাউজার থেকে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করারও একটি পদ্ধতি আছে। যেটি হলো ঠিকানা লেখার জায়গায় Apt: এরপর নির্দিষ্ট সফটওয়্যারটির নাম লেখা। যেমন, যদি vlc মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে চান, তবে লিখতে হবে Apt:vlc, তাহলে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এটি দেখে অনেকটা কমান্ড লাইন ব্যবহার করার মতো মনে হলেও এভাবে সফটওয়্যার ইনস্টলের পদ্ধতি যোগ করা হয়েছে উবুন্টু ৭.১০-এর পর থেকে। —শান্তনু ঘোষ