উবুন্টুর স্মার্টফোনের জন্য তহবিল সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জানুয়ারিতে সিইএসে দেখানো হয় উবুন্টু স্মার্টফোন
জানুয়ারিতে সিইএসে দেখানো হয় উবুন্টু স্মার্টফোন

জনপ্রিয় মুক্ত সফটওয়্যার উবুন্টুর নির্মাতা প্রতিষ্ঠান ক্যানোনিকাল এবার শক্তিশালী স্মার্টফোন তৈরি করবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। এর জন্য তহবিল সংগ্রহের বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। তহবিল সংগ্রহ প্রক্রিয়ার জন্য চালু হয়েছে বিশেষ ক্রাউডফান্ডিং সাইট (www.indiegogo.com/projects/ ubuntu-edge) ।
শুরুতে উবুন্টু অপারেটিং সিস্টেমচালিত (ওএস) প্রায় ৪০ হাজার স্মার্টফোন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য প্রতিষ্ঠানটি এক মাসে তিন কোটি ২০ লাখ ডলার তহবিল সংগ্রহ করতে চায়। আগামী ২১ আগস্ট পর্যন্ত চলবে কার্যক্রম।
‘উবুন্টু এজ’ নামের এ স্মার্টফোন তৈরির উদ্যোগ সফল হলে ২০১৪ সালের মে মাসের মধ্যেই তহবিলে অর্থ প্রদানকারীদের মধ্যে অনেকেই স্মার্টফোনটি হাতে পাবেন। কারা কারা স্মার্টফোনটি প্রথমদিকে হাতে পাবেন, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু নিয়ম মানা হচ্ছে।
দারুণ সব সুবিধার উবুন্টু এজ অন্যান্য স্মার্টফোনের ওএস থেকে কিছুটা ভিন্ন হবে। এই ওএসের মাধ্যমে ডেস্কটপ কম্পিউটারের মতোই ব্যবহার করা যাবে সব অ্যাপস। এ ছাড়া স্মার্টফোনে ইনস্টল করা যাবে সফটওয়্যার। স্মার্টফোনটিকেই পূর্ণাঙ্গ কম্পিউটার হিসেবে ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
ক্যানোনিকালের প্রতিষ্ঠাতা মার্ক সাটলওর্থ জানান, অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্রিস্টাল দিয়ে তৈরি হতে পারে সাড়ে চার ইঞ্চি পর্দার উবুন্টু স্মার্টফোনটি। এতে থাকবে চার গিগাবাইট র‌্যাম, উন্নত প্রসেসর, ১২৮ গিগাবাইটের বেশি তথ্য ধারণক্ষমতা, ডুয়েল বুট সুবিধা ইত্যাদি।
এ বছরের ৮ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) স্মার্টফোনের জন্য উবুন্টু অপারেটিং সিস্টেম দেখিয়েছিল ক্যানোনিকাল।
বর্তমানে বাজারে থাকা অ্যাপলের আইফোন, অ্যান্ড্রয়েড, উইন্ডোজচালিত স্মার্টফোনের পাশাপাশি উবুন্টু ওএসের স্মার্টফোন বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তবে আশাবাদী ক্যানোনিকাল। তাদের মতে, উবুন্টুর স্মার্টফোনটি গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারবে। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী