উবুন্টুর ১১.০৪ পরীক্ষামূলক সংস্করণ
জনপ্রিয় লিনাক্সভিত্তিক মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর ১১.০৪ সংস্করণের আলফা ১ সংস্করণ অবমুক্ত হয়েছে। ‘ডেভেলপার স্নাপশট’ নামে আলফা ১ আকারে উবুন্টুর নতুন এ সংস্করণ অবমুক্ত করা হলো। নতুন এ সংস্করণের কোডনেম ন্যাটি নরহল। এর আগে উবুন্টু ১০.১০-এর পর জানানো হয়, উবুন্টুর পরবর্তী সংস্করণের ডেস্কটপের চেহারা নিজের ইচ্ছেমতো তৈরি করে নেওয়া যাবে। এরই মধ্যে ইউনিটি নামে নতুন এই ইন্টারফেস ১০.১০ নেটবুক সংস্করণের জন্য অবমুক্ত করা হয়েছে। তবে নেটবুকের এ ইন্টারফেস ডেস্কটপে তেমন মানানসই না হওয়ায় এ ইউনিটিতে নতুন পরিবর্তন এনে ‘ডেভেলপার স্নাপশট’ অবমুক্ত করা হয়েছে। এর আগে উবুন্টুর সর্বশেষ সংস্করণ ১০.১০ অবমুক্ত হয়েছিল, যার কোডনেম ছিল ম্যাভেরিক মিরক্যাট। আগামী বছরের এপ্রিল মাসে উবুন্টু ১১.০৪-এর ন্যাটি নরহলের পূর্ণ সংস্করণ মুক্তি পাবে বলে জানা গেছে। —উবুন্টু ডট কম অবলম্বনে নুরুন্নবী চৌধুরী