উবুন্টু ১১.১০\ লেখক: মাহবুবুর রহমান\ দাম: ৪০০ টাকা\ পৃষ্ঠা: ৩৪৪\ প্রকাশক: সিসটেক পাবলিকেশন্স লিমিটেড, ঢাকা\মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের জনপ্রিয় একটি সংস্করণ হচ্ছে উবুন্টু। উবুন্টু ১১.১০, যা অনেরিক অকেলট নামে পরিচিত। শুরুর দিকে পারসোনাল কম্পিউটারগুলোতে ব্যবহারের জন্য উবুন্টু তৈরি হলেও বর্তমানে এর রয়েছে সার্ভার সংস্করণ। উবুন্টুর নতুন এ সংস্করণের নানা বিষয় প্রকাশিত হয়েছে উবুন্টু ১১.১০ বইয়ে। লিখেছেন মাহবুবুর রহমান। ১৬ অধ্যায়ের এ বইতে রয়েছে উবুন্টু সম্পর্কে বিস্তারিত আলোচনা। এসবের মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেমের ধারণা, উবুন্টু ইন্সটল করার পদ্ধতি, উবুন্টু ১১.১০ নিয়ে আলোচনা, ফাইল ও ফোল্ডার নিয়ে আলোচনা, উবুন্টুতে ইন্টারনেট সংযোগ স্থাপনের বর্ণনা, উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল ও আন-ইন্সটলের পদ্ধতি, উবুন্টুতে মাল্টিমিডিয়া ব্যবহার, ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার ফায়ারফক্স ব্যবহার, উবুন্টুতে এক্সেসরিজ ও অ্যাডমিনিস্ট্রেটিভ সংক্রান্ত কাজ, গ্রাফিক্স নিয়ে আলোচনা, উবুন্টুতে বাংলায় কাজ করাসহ নানা বিষয়। ভিন্ন ভিন্ন অধ্যায়ে উবুন্টু ১১.১০—এর নানা ধরনের বৈশিষ্ট্যের বিস্তারিত বর্ণনাও রয়েছে বইটিতে। এ ছাড়া আছে উবুন্টুতে উইন্ডোজ প্রয়োজনীয় প্রোগ্রামগুলোর কাজের বর্ণনা, নিরাপত্তাসহ নানা বিষয়। প্রতিটি বিষয়ের সঙ্গে রয়েছে আলাদাভাবে চিত্র। নতুন যারা উবুন্টু ব্যবহারে আগ্রহী, তাদের জন্য রয়েছে নানা ধরনের বিস্তারিত বর্ণনা। ইন্সটল করার পদ্ধতি ছবি আকারে রয়েছে বইটিতে। বইয়ের পাশাপাশি রয়েছে সিডি, যেখানে রয়েছে উবুন্টুর বই এবং চিত্রসহ বর্ণনার বিস্তারিত। আগ্রহী এবং নতুনদের জন্য উবুন্টু সম্পর্কে জানতে কিংবা ব্যবহার করতে বইটি সাহায্য করবে।—কাজী আশফাক আলম