উলিপুরে ১৩টি ই-সেন্টারে উপকরণ বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে ৪৭ লাখ টাকা ব্যয়ে উপজেলার ১৩টি ইউনিয়নের ই-সেন্টারে উপকরণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে প্রতিটি ইউনিয়নে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার, ফটোকপিয়ার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, সৌর বিদ্যুৎ প্যানেল ও আসবাব বিতরণ করা হয়। ইউনিয়নগুলো হচ্ছে—গুনাইগাছ, তবকপুর, বজরা, থেতরাই, দলদলিয়া, পাণ্ডুল, ধরণিবাড়ী, দুর্গাপুর, ধামশ্রেণী, বুড়াবুড়ি, হাতিয়া, সাহেবের আলগা ও বেগমগঞ্জ। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বৈদেশিক যোগাযোগ ও অন্যান্য বিষয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়নের ই-সেন্টারগুলোকে কার্যকর করার নিমিত্তে এলজিএসপির (লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট) আওতায় এ উপকরণ সরবরাহ করা হয়।উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আলম জানান, জনগণকে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ই-সেন্টারগুলো অনেক কার্যকর ভূমিকা রাখবে। —উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি