উষ্ণ এই শীতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত নাকি ক্রমেই হয়ে যাচ্ছে উষ্ণ! এ কারণে আপনার চারপাশে কিন্তু অনেকেরই মন খারাপ। আপনি কি শুনতে পান তাদের ব্যথা? আর্তনাদ? চিৎকার? যদি শুনতে না পান তাহলে তাড়াতাড়ি কানের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আর যদি একান্তই ডাক্তারের কাছে যেতে না চান, তাহলে এই লেখাটা পড়ুন। ব্যক্তিগত অনুভূতিময় এই লেখাটি আপনার বন্ধ হয়ে যাওয়া কান খুলে দেবে। লেখা: আসফিদুল হক

লেপ

২০ বছর আগে এক হিমসন্ধ্যায় একটা হারিকেনকে নিয়ে খুব হাসাহাসি করেছিলাম। বলেছিলাম, ‘তোদের দিন তো শেষ, হারিকেন। আর কদিন পরেই তোদের স্থান হবে জাদুঘরে। তবে দুঃখ করিস না, এন্ট্রি ফি ফ্রি হলে আমিও তোদের দেখতে যাব।’ আমার কথা শুনে হারিকেন দুঃখভারাক্রান্ত গলায় বলেছিল, ‘এত অহংকার করিস না! তোদের পরিণতিও একদিন ঠিক আমার মতোই হবে।’ হারিকেনের শাপ যে এত তাড়াতাড়ি ফলে যাবে, সেটা বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। কয়েক বছর ধরেই দেখছি, শীতের প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। এ বছর তো শীতই নেই। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় নাকি এমনটা হচ্ছে। তবে উষ্ণতা বাড়ুক বা কমুক, সেটা নিয়ে আমার টেনশন নেই। আমার টেনশন হচ্ছে, আমাকেও কি জাদুঘরে যেতে হবে আর কয়েক বছর পর? হারিকেনের পাশেই কি আমাকে রাখা হবে? না, এ হতে পারে না! আমি কিছুতেই যাব না জাদুঘরে। দরকার হলে নিজেকে ভেঙে তুলোধুনো করে বাতাসে উড়িয়ে দেব। তবু যাব না ওই বজ্জাত হারিকেনের পাশে। হে দয়াময়, রক্ষা করো আমায়। শীত এনে দাও এই শহরে। কেন এমন শাস্তি দিচ্ছ? কেন? কেন? কেন?

কম্বল

আমার অবস্থা লেপের মতোই। তবে আমি কারও সঙ্গে ঠাট্টা-মশকরা করিনি। তাই জাদুঘরে যেতেও আমার ভয় নেই। বরং যেতে পারলে গর্ববোধই করব। কারণ, সেখানে নাকি কয়েক বছর পর সুন্দরবনের বাঘের ঠাঁই হবে! আমি আর বাঘ পাশাপাশি থাকব—এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না! শুনেছি, জাদুঘরে এসি আছে। এসির বাতাসে যদি বাঘের শীত লাগে, তখন আমি জড়িয়ে থাকব তার সারা গায়ে। বাঘের বাচ্চার বদলে মানুষ আমাকে সাহস দিয়ে বলবে, ‘সাবাস ব্যাটা বাঘের কম্বল!’ আহ্‌, কী সুখের দিন অপেক্ষা করছে আমার জন্য! কী সুখ!

শীতের পিঠা

সোনালি শীতের দিনের কথা মনে পড়লে আজও কষ্টে বুকটা ‘ফাইট্টা’ যায়। আগে দেখতাম, শীত এলেই মানুষের ভেতর হুলুস্থুল লেগে যেত পিঠা বানানোর জন্য। আর এখন? মানুষ দোকানে বানানো পিঠা কিনে এনে ‘ফিলিংস’ নেওয়ার চেষ্টা করে। এ যে কত বড় পাপ—এ কথা কে তাদের বোঝাবে! মানুষকে বোঝানো আসলে মানুষের কাজ নয়। এ জন্যই দেখেন না, শীত এখন নামতেই চায় না। আর তাই শীতের পিঠার জন্যও মানুষের হাহাকার নেই। না থাকুক, তবু আমি চাই, এ দেশের বুকে শীত নেমে আসুক তাড়াতাড়ি। অনেক দিন হয়ে গেল পিঠা খাওয়ার জন্য কাউকে গ্রামের বাড়ি আসতে দেখি না।

শীতের অতিথি পাখি

প্রতিবছর এই সময়ে বাচ্চাকাচ্চাদের নিয়ে ভ্যাকেশন কাটাতে আসি বাংলাদেশে। কিন্তু এ বছরের মতো বিপদে আর কখনো পড়িনি! এত কষ্ট করে হাজার মাইল পাড়ি দিয়ে এখানে এলাম, এসে দেখি টেম্পারেচার অনেক হাই। শীতের দেশের পাখি আমরা। এত গরম সইব কী করে? আমার বান্ধবীর ছোট মেয়েটা অবশ্য ইন্টারনেটে ওয়েদার রিপোর্ট দেখে আসতে বলেছিল। কিন্তু পাখি হয়ে মানুষের দেওয়া ওয়েদার রিপোর্টের ওপর যদি ভরসা করি, সেটার চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। তাই অনেক বাধা সত্ত্বেও চলে এলাম বাংলাদেশে। কিন্তু এসে তো দেখি সেই রকম বাজে অবস্থা! বাজে অবস্থা হবেই-বা না কেন, বলেন? মানুষের কাজকারবারগুলোই তো হাস্যকর। একদিকে ইচ্ছেমতো গাছ, বন-জঙ্গল কেটে উজাড় করে ফেলছে, অন্যদিকে ঠিকমতো শীত না নামলে, বৃষ্টি না হলে কান্নাকাটি শুরু করে দেয়। হায় সেলুকাস, কী বিচিত্র এই মানুষ জাত! নাহ্‌, এবারের ভ্যাকেশনটা পুরো মাঠেই হার্ট অ্যাটাক করল। নেক্সট ইয়ার থেকে আর আসব না এখানে। গুডবাই টু অল।

শীতের পোশাক

আগে শীতকালের জন্য মানুষ বসে থাকত ফ্যাশন করবে বলে। তাই শীত এলে আমাদের কদরও বেড়ে যেত বহুগুণ। কিন্তু সময় বদলে গেছে, সঙ্গে পৃথিবী এবং আবহাওয়া। শীতকে এখন ধরেবেঁধেও নামানো যায় না। তবু ভারী ভারী পোশাক পরে মানুষ জোর করে শীত নামানোর চেষ্টা করে। কিন্তু তাতে শীতও নামে না, আর আমাদের কদরও বাড়ে না। আগে শীতের শেষে ব্যবসায়ীরা আমাদের ডিসকাউন্টে বিক্রি করে দিত। কিন্তু এখন দেখি, শীতের মাঝখানেই বিশাল বিশাল ডিসকাউন্ট দিয়ে বসে থাকে, তবু কেউ কেনে না। কী অপমান! এই অপমান আর সইতে পারি না। ইচ্ছে করে সাইবেরিয়া চলে যাই। ডিসকাউন্টের এই অপমানজনক জীবন থেকে সাইবেরিয়া হাজার গুণে উত্তম।