উসাইন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যখন বাংলাদেশি কোচিং সেন্টারের ছাত্র
সাফল্যের ধারা বজায় রেখে অলিম্পিকে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণ জয়ের হ্যাটট্রিক করলেন উসাইন বোল্ট। জ্যামাইকান এই দৌড়বিদ যদি বাংলাদেশের কোনো কোচিং সেন্টারের ছাত্র হতেন, তাহলে কোচিং সেন্টারটি তাঁর এই সাফল্য কীভাবে উদ্‌যাপন করত? সেটাই এক নজরে দেখা যাক। লেখা: আসফিদুল হক

অলিম্পিক সোনা জয়ের একমাত্র নির্ভরযোগ্য কোচিং সেন্টার
দে দৌড়-এর অবিস্মরণীয় সাফল্য!
২০১৬ অলিম্পিকের ১০০ মিটার দৌড়ে স্বর্ণজয়ী এবং শীর্ষ ৮ জনের ৪ জনই ‘দে দৌড়’ কোচিং সেন্টারের

অলিম্পিকে সোনা জয়ের পরপরই উসাইন বোল্ট ‘দে দৌড়’ কোচিং সেন্টারের অফিসে এসে সবার প্রিয় প্রতিষ্ঠাতা সভাপতি আকবর তাড়া খান স্যারের (ছবিতে দেখা যাচ্ছে না) হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন।

.
.

২০১৬ অলিম্পিকে ‘দে দৌড়’-এর শীর্ষস্থানীয়দের পরিচিতি

৪র্থ: ইয়োহান ব্লেক

রোল নং: ৬৯

৫ম: আকানি সিমবাইন

রোল নং: ৪২

৭ম: জিমি ভাইকট

রোল নং: ১২

২০২০ সালের অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্রাশ প্রোগ্রামে ভর্তি চলছে। আসন সীমিত (তবে পরে বাইরে থেকে আসন মানে চেয়ার এনে আসন বৃদ্ধি করা হতে পারে)। ক্লাস শুরু হবে ভর্তি হওয়া মাত্র।

.
.

প্রতিষ্ঠাতা সভাপতির বাণী

পৃথিবী দৌড়ানীময়! কারণ, পৃথিবী সূর্যের চারদিকে দিন-রাত দৌড়ায়। যেখানে পুরো পৃথিবী দৌড়ায় সেখানে মানুষ কোন ছার! তাকেও সারা জীবন দৌড়াতে হবে। মূলত এই মতবাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা ১০ বছর আগে ‘দে দৌড়’ কোচিং সেন্টারের যাত্রা শুরু করি। যাত্রার শুরু থেকেই আমরা অভাবনীয় সাফল্য অর্জন করেছি। এই সাফল্যের পেছনে মূল রহস্য একটাই, সেটা হলো আমার কঠোর নীতিমালা। আমি আমার কোচিংয়ের ছাত্রদের কঠোরভাবে বলে দিই, অলিম্পিকে দৌড়াবা শুধু স্বর্ণজয়ের জন্য। রুপা, তামা, ব্রোঞ্জ—এইগুলা সস্তা ধাতু। সুতরাং এইগুলা পাওয়ার জন্য কখনো দৌড়াবা না। যদি দেখো, তুমি স্বর্ণজয় করতে পারছ না, তখন ইচ্ছা করে পঞ্চম বা তারও পরের পজিশনে থেকে দৌড় শেষ করবা। আমার এই কঠোর নীতিমালার কারণেই দীর্ঘ ১০ বছরে আমাদের কোচিংয়ের ছাত্রছাত্রীরা হয় শুধু স্বর্ণ জয় করেছে, না হয় হেরেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের ধোলাইখাল শাখার ছাত্র উসাইন বোল্ট এ বছরও অলিম্পিকে স্বর্ণ জয় করেছে। এই সাফল্য শুধু ‘দে দৌড়’-এর একার নয়, পুরো জাতির। কারণ, আমরা এমনিতেই ভালো দৌড়াই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই প্রকৃতির ডাকে আমাদের দৌড় শুরু হয়। এরপর ঘর থেকে বের হয়ে ঘরে ফিরে আসা পর্যন্ত আমাদের দৌড় চলতে থাকে। তাই সব সময় দৌড়ের ওপর থাকায় জাতিগতভাবে এ কাজে আমাদের দক্ষতা ভালো। আর এই দক্ষতা কাজে লাগিয়ে অলিম্পিক থেকে বিপুল পরিমাণ স্বর্ণ দেশে আনা সম্ভব। তবে এ জন্য চাই সঠিক দিকনির্দেশনা, যা একমাত্র ‘দে দৌড়’ কোচিং সেন্টার দিতে পারে। তাই আপনার আদরের সন্তানকে আজই আমাদের কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিন।

কেন আমরাই সেরা

l অত্যাধুনিক কম্পিউটার ল্যাব

l প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা ল্যাপটপ

l ফ্রি ওয়াই-ফাই

l প্রতি ব্যাচে সীমিত শিক্ষার্থী

l দৌড়ানোর জন্য নিজস্ব ফাঁকা বালুর মাঠ (রাত আটটার পর)