উৎকণ্ঠার ২৪ ঘণ্টার শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এই ৯ জুলাই নিয়ে যে উৎকণ্ঠা ছিল তার অবসান ঘটল। এ দিন বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে—এ আতঙ্ক ছড়িয়েছিল। তবে এ উৎকণ্ঠা বাস্তবে কোনো প্রভাব ফেলতে পারেনি। ফিনল্যান্ডের কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান এফ-সিকিউর জানিয়েছে, ‘ডিএনএস চেঞ্জার ম্যালওয়্যার’ বা অ্যালুরিয়ন নামের এক ট্রোজান ভাইরাসের কারণে যে বড় ধরনের বিপর্যয় আশঙ্কা করা হয়েছিল সে ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। এমনকি কোনো প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়েছে এমন তথ্যও মেলেনি। তবে, যাঁরা শেষ পর্যন্ত কম্পিউটার থেকে ম্যালওয়্যারটি থেকে মুক্ত হতে পারেননি তাঁদের কম্পিউটার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এফ-সিকিউরের কম্পিউটারের নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যাঁদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাঁদের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আবার নতুন করে ইন্টারনেট সংযোগ চালু করতে হবে।অবশ্য এর আগে ডিএনএস চেঞ্জার ওয়ার্কিং গ্রুপের একজন মুখপাত্র এ বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ৯ জুলাই সারা বিশ্বের ইন্টারনেট-ব্যবস্থায় বিপর্যয় নেমে আসবে—এমনটা ধারণা করা বোকামিই হবে। হয়তো কিছুসংখ্যক কম্পিউটার ব্যবহারকারী ২০০৭ সালে ছড়িয়ে পড়া ‘ডিএনএস চেঞ্জার ম্যালওয়্যার’ বা অ্যালুরিয়ন নামের এক ট্রোজান ভাইরাসের কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন। জানা গেছে, ৯ জুলাই সার্ভার বন্ধের শেষ মুহূর্ত পর্যন্ত ২ লাখেরও বেশি কম্পিউটারে অ্যালুরিয়ন ভাইরাসটি নির্মূল করা হয়নি। কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, ‘ডিএনএস চেঞ্জার’ নামের এই ট্রোজান মূলত আক্রান্ত কম্পিউটারের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করে ফেলে। এর ফলে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় সঠিক ইউআরএল বা ঠিকানা দিলেও ট্রোজান যারা তৈরি করেছে, তাদের ডিএনএস সার্ভার ঘুরে তবেই ওয়েবসাইটটি আসে। এতে হ্যাকাররা ইচ্ছামতো আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারে। আর এ পদ্ধতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা। প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অনেক দিন আগেই ট্রোজান ভাইরাস নির্মাতাদের গ্রেপ্তার করেছিল। পাশাপাশি তাদের ডিএনএস সার্ভারগুলো বন্ধ করে দিয়েছিল। ট্রোজানের সার্ভার বন্ধ করে দেওয়া হলেও বিশ্বব্যাপী হাজার হাজার ম্যাক ও উইন্ডোজ কম্পিউটারে এই ট্রোজানটি রয়ে যায় যা অ্যান্টিভাইরাস ব্যবহার করেও নির্মূল করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আক্রান্ত কম্পিউটারগুলো সচল রাখতে এফবিআই ব্যাকআপ হিসেবে নিজেরাই কিছু সার্ভার বসিয়েছিল। ৯ জুলাই এফবিআই এই সেবাটিই বন্ধ করে দিয়েছে।এদিকে, এফ-সিকিউরের কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৯ জুলাই উৎকণ্ঠার দিন শেষ হলেও ডিএনএস চেঞ্জার ম্যালওয়্যারের ক্ষতিকর দিকগুলো এখনো শেষ হয়নি। এ ভাইরাসটি এখনো অনেক কম্পিউটারে রয়ে গেছে।