উৎসব চারদিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চবিদ্যালয়ের মাঠ। চলছে আই-জিনিয়াস প্রতিযোগিতা। শেষ রাউন্ডের খেলা চলছে তখন মঞ্চে। সেরা ১০ তখন মগ্ন তাদের মুঠোফোনে উত্তর খুঁজতে। প্রথম সারিতে বসা জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবাস সরকার। তাঁর চোখমুখের উত্তেজনাও মঞ্চের শিক্ষার্থীদের থেকে কম নয়। কারণ, চূড়ান্ত পর্বে খেলছে তাঁর বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাফায়েত হোসেন। তার সঙ্গে আই-জিনিয়াস হতে লড়ছে মিঠাছরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মানজিদা মেহের চৌধুরী। ফলে উত্তেজনার আভা ছড়িয়েছে মিঠাছরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের চোখেমুখেও।শেষ হাসি অবশ্য হাসেন সুবাস সরকার। দ্রুততম সময়ে সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছে জেবি উচ্চবিদ্যালয়ের সাফায়েত হোসেন। মুহূর্তে জেবি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস মিঠাছরা উচ্চবিদ্যালয়ের মাঠকে কাঁপিয়ে দেয়। সুবাস সরকারকে কাঁধে তুলে উল্লাস প্রকাশ করে সাফায়েতের সহপাঠীরা। মঞ্চ থেকে নেমে সাফায়েত প্রণাম করে তার প্রিয় শিক্ষক সুবাস সরকারকে।ময়মনসিংহেও কি উত্তেজনা কম ছিল? আগের সন্ধ্যায় যখন বন্ধুসভার ৩০ জন সদস্য মিলে উৎসবের প্রস্তুতিটা ঝালিয়ে নেওয়ার জন্য মহড়া দিচ্ছিলেন, তখন বেশ কয়েকবার আকাশ গুড়গুড় করে বৃষ্টির চোখ-রাঙানি দিচ্ছিল বটে; তবে উৎসবের দিন সকাল থেকেই ঝকঝকে রোদ। শুরু হয়ে যায় নিবন্ধন পর্ব। ভেন্যু ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের মাঠ। জাতীয় সংগীত ও শপথবাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হয় মূল পর্ব, শুরু হয় প্রতিযোগিতা। টানটান উত্তেজনা নিয়ে চলতে থাকে প্রশ্নোত্তর পর্ব। কিছুক্ষণের মধ্যেই পাওয়া গেল আই-জিনিয়াসকে। সে সরকারি আনন্দ মোহন কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোবাশশির আহমেদ। ‘আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার সময়টা আমার জীবনের সেরা মুহূর্ত। এবার ঢাকায় গিয়ে গ্র্যান্ড-মাস্টার হওয়াই প্রধান লক্ষ্য আমার।’ এভাবেই মোবাশশির আহমেদ বলল তার অনুভূতির কথা।ওদিকে কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠের চিত্র ছিল অনেকটা ‘ঠাঁই নাই ঠাঁই নাই ছোট এ তরী’র মতো। সকাল থেকেই ভিড় শুরু হয় শিক্ষার্থীদের। প্রায় দেড় হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে শুরু হয় অনুষ্ঠান। চূড়ান্ত পর্বে ফাবিয়া আজিজ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে গুগলে ঢুকে যায়। সার্চ হওয়ার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী ফাবিয়া উত্তর আসার জন্য উত্তেজিত হয়ে হাত নাড়াতে থাকে। প্রথমে সঠিক উত্তর দিয়ে শেষমেশ এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার এই শিক্ষার্থীই আই-জিনিয়াস নির্বাচিত হয়।প্রতিযোগিতামূলক ও দৃষ্টিকাড়া সাড়ে তিন ঘণ্টার অনুষ্ঠানটি যেন এক পলকেই শেষ। তাই শিক্ষার্থীদের মধ্যে একধরনের হতাশা ও আক্ষেপ দেখা গেল। সবার মুখে একই কথা, কী করে সুন্দর অনুষ্ঠানটি অল্প সময়ে শেষ হয়ে গেল! তাদের দাবি ছিল, বছরে একাধিকবার যেন বিভিন্ন বিদ্যালয় ও কলেজে ইন্টারনেট উৎসব করা হয়।(প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে লেখা)