উৎসব থেকে উৎসবে
তীব্র শীত উপেক্ষা করে সকালে উপস্থিত হতে শুরু করে রাজশাহী উৎসবের শিক্ষার্থীরা। রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজে আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করে খুদে গণিতবিদেরা। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জের ১২২টি প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয় রাজশাহী উৎসবে। ২১ ডিসেম্বর সকাল ১০টার সময় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং উৎসবের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান। এ সময় বাংলাদেশ গণিত উৎসবের পতাকা উত্তোলন করেন রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম জার্জিস কাদির এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক এ বি এম মামুনুল কবির। এরপর সকাল সাড়ে ১০টায় শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ পর্বে রাজশাহী আবৃত্তি পরিষদের শরীফ আহমেদ, রবি, মাসুদ, স্বর্ণা, নওশীন, অর্চি আবৃত্তি করেন কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা ‘আমি কিংবদন্তীর কথা বলছি’। এরপর সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তুলি পরিবেশন করে দেশের গান ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ গানটি। এর পরে বন্ধুসভার পান্থ গিয়াসী, শুভ, সামীদ, রং পরিবেশন করেন মজার নাটক গণিত নিয়ে অঙ্ক। নাচের সংগঠন ধ্রুপদালোকের নাচের মাধ্যমে সমাপ্তি ঘটে সাংস্কৃতিক পর্বের। এর পরে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে শূন্য হয়, কিন্তু কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে শূন্য হয় না কেন? শিক্ষার্থীদের এমন ধরনের প্রশ্নের উত্তর দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক কাজী সেলিনা সুলতানা, নাসিমা আক্তার, আসহাবুল হক এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইকবাল মতিন ও শামসুল আলম। প্রশ্নোত্তর পর্ব শেষে শুরু হয় রুবিক কিউব প্রতিযোগিতা। এর পরে শুরু হয় সমাপনী পর্ব। ৬০ জন বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে সমাপ্তি ঘটে রাজশাহী উৎসবের। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান। সিরাজগঞ্জের প্রথম গণিত উৎসবসিরাজগঞ্জ এই প্রথমবারের মতো আঞ্চলিক উৎসবের আয়োজক জেলা হয়েছে। এ কারণে প্রশাসন, শিক্ষার্থী এবং অভিভাবকদের উৎসাহের কোনো কমতি ছিল না। আয়োজনে কোনো দুর্বলতা ভবিষ্যতের ভেন্যু হারানোর যন্ত্রণায় যাতে পরিণত না হয়, সে ব্যাপারে সচেষ্ট ছিল সবাই! পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ—এ তিন জেলার ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেয় সিরাজগঞ্জ গণিত উৎসবে। এদের মধ্যে অনেকে এবারই প্রথম গণিত উৎসবে অংশ নিয়েছে। সিরাজগঞ্জের অভিভাবকেরা তাঁদের জেলা গণিত উৎসবের নতুন ভেন্যু হিসেবে নির্বাচিত করায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিকে কৃতজ্ঞতা জানায়! সর্বকনিষ্ঠ শিক্ষার্থী ছিল মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুস্মিতা। উৎসবে আসতে পেরে চরম আনন্দিত সে। সে জানাল, পরীক্ষা তার ভালো হয়েছে, এই আয়োজনে আসতে পেরে অনেক কিছু সে শিখতে, দেখতে পেরেছে।উদ্বোধনী পর্বের পর পরীক্ষা আর পরীক্ষা শেষে বন্ধুতা পর্ব। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সাংস্কৃতিক পর্বের শুরুতেই গণিতের গান। অনুষ্ঠানে ছিল দেশের গান, রবীন্দ্রনাথের ‘মাঝি’ কবিতার আবৃত্তি, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি’ গানের সঙ্গে নাচ, এবং আদিবাসীদের নাচ। নাচ পরিবেশন করেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আমসরা গ্রামের পাখি, কনক, শিল্পী, শাপলা, অঞ্জনা ও অর্চনা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীরা নানা ধরনের অজানা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করে। তাদের প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক জসীম উদ্দীন শেখ, মো. আবদুল্লাহ আল মাহমুদ শহিদুল ইসলাম ও আবদুল হাই। ভালো ছাত্র নয়, ভালো মানুষ চাই। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, ভালো কাজে নিজেকে নিয়োজিত করতে হবে ছাত্রজীবন থেকে—এমন শপথ করানো হয় সব শিক্ষার্থীকে। এর সঙ্গে ছিল শিক্ষার্থীদের মাদক, মুখস্থ, মিথ্যাকে ‘না’ বলা।প্রশ্নোত্তর পর্ব শেষে রুবিক কিউব প্রতিযোগিতায় ৬০ সেকেন্ডে রুবিকস মিলিয়ে প্রথম হয় বগুড়া আযিযুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মুহিম মুক্তাদীর খান। এর পরে সমাপনী পর্বে বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফনীন্দ্রনাথ সরকারের হাতে ভেন্যু স্মারক তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেওয়া হয় ৬০ জন শিক্ষার্থীর হাতে। প্রতিযোগিতায় ১০ এ ১০ পেয়েছে সিরাজগঞ্জের সাজিদ আক্তার তূর্য।