উৎসবে আনন্দে
প্রস্তুতি যা-ই হোক, পরীক্ষার হলে গেলে সবাই নাকি চোখে সরষে ফুল দেখে। অলিম্পিয়াডের বিভিন্ন বছরের প্রশ্ন নিয়ে প্রস্তুতি ছিল বেশ। তার পরও পরীক্ষা দিতে গিয়ে কেমন জানি উত্তেজনা কাজ করছিল ময়মনসিংহের জুনিয়র ক্যাটাগরির শিক্ষার্থী প্রভা মল্লিকা পণ্ডিতের। রীতিমতো হাঁপাচ্ছিল সে। গণিত অলিম্পিয়াডে বীজগণিতের ধারণাগুলো ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে হয়। এ জন্যই ময়মনসিংহ উৎসবে প্রভা বীজগণিতের ওপর বেশ ভালোমতোই পড়াশোনা করে অংশ নেয়। সূচকের ভিন্নমাত্রিক ব্যবহার, বিভিন্ন পদের সমীকরণ সমাধান ও অসমতার ব্যবহারের প্রশ্নগুলোর দিকেই নজর ছিল তার। অন্যদিকে, যশোরের বিএএফ শাহিন কলেজের শিক্ষার্থী নিশাত তাসনিম ও আশরাফ শিবা তাবিল। দুই বান্ধবী একসঙ্গে এর আগে বেশ কয়েকবার জাতীয় গণিত উৎসবে অংশ নেওয়ার সুযোগ পায়। তাই এবারের প্রস্তুতিও নিয়েছিল বেশ শক্ত করে। সংখ্যাতত্ত্বের প্রাথমিক বিষয়গুলো নিশাতের আয়ত্তে থাকলেও শিবা অল্পতেই সংখ্যাতত্ত্ব ভুবনে যায় হারিয়ে। কিন্তু দুজনেই জ্যামিতিতে সমান্তরাল রেখা, সদৃশকোণী ত্রিভুজ, ত্রিভুজসংক্রান্ত উপপাদ্যের ওপর বিভিন্ন প্রশ্ন নিমেষেই সমাধানে পারদর্শী। পরীক্ষা দিয়েই দুজনের চোখে-মুখে ছিল বিষণ্নতা। প্রস্তুতি ভালো হলেও প্রশ্নপত্র কেমন জানি, ভিন্ন কোনো গ্রহ থেকে পাঠানো হয়েছে নাকি, জিজ্ঞাসা ছিল তাদের। দিনের শুরুটা বেশ হতাশার হলেও দুপুরবেলায় বিজয়ীর হাসি হেসেই উৎসব মাঠ ছেড়েছে সবাই।উদ্বোধনীর মাঠে, নানা রঙের সাজে৯ জানুয়ারি বরিশাল দিয়ে শুরু, ক্রমান্বয়ে খুলনা, যশোর হয়ে ১২ জানুয়ারি ফরিদপুরে অনুষ্ঠিত হয়আঞ্চলিক গণিত উৎসব। অন্যদিকে ১৪ ও ১৫ জানুয়ারি ফরিদপুর ও জামালপুরে অনুষ্ঠিত হয় আঞ্চলিক গণিত উৎসব। সকালে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় গণিত উৎসবের আঞ্চলিক পর্ব। একই সঙ্গে উত্তোলিত হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা। ব্যান্ডের বাদ্যে শিক্ষার্থীদের করতালি, হইচই চিৎকারে উন্মুক্ত হয় গণিত উৎসবের বিভিন্ন আঞ্চলিক উৎসবের রঙিন পর্দা। উদ্বোধনী মাঠ থেকে সুশৃঙ্খল লাইনে শিক্ষার্থীরা প্রবেশ করে অলিম্পিয়াডের জন্য বিভিন্ন পরীক্ষা কক্ষে। ঢং ঢং ঘণ্টা বাজতেই থেমে যায় সব হই-হুল্লোড়। শুরু হয় পরীক্ষা। চলে এক ঘণ্টা ১৫ মিনিটের গণিত জয়।পরীক্ষা শেষে, আনন্দ মঞ্চেছুটির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের গন্তব্যস্থল হয় মাঠ। রঙিন পতাকা আর লাল-নীল ঝালোরে ঘেরা বিদ্যালয় প্রাঙ্গণ। বইয়ের স্টলের বই কেনা আর বন্ধুর পরীক্ষার খোঁজখবর নিতে নিতে সবাই জড়ো হয় শামিয়ানার নিচে। শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। কী নেই সেই প্রশ্নোত্তর পর্বে। ভূগোলের প্রশ্ন থেকে শুরু করে মঙ্গল গ্রহে মানুষের বসবাস, সাউন্ডবক্সের সামনে মুঠোফোন নিলে শব্দ কেন হয়, আমগাছে পেয়ারা জন্মানো যায় কি না, সূর্য থেকে পৃথিবী আরও দূরে থাকলে কী হবেসহ পদার্থ, রসায়ন এমনকি ইতিহাসেরও প্রশ্ন ছিল শিক্ষার্থীদের। কঠিন কঠিন প্রশ্নে অতিথি শিক্ষক, গবেষক, বিজ্ঞানীদের শীতের মধ্যেও ঘাম ঝরিয়ে দেয় খুদে গণিতবিদেরা। ভালো প্রশ্নের জন্যছিল পুরস্কার। প্রশ্নোত্তর পর্বের ফাঁকে চলে শিক্ষার্থীদের নানা পরিবেশনা। গণিত ছাড়াও গান, কবিতা, নাচে পারদর্শী, তা আবারও প্রমাণ করে ছাড়ে শিক্ষার্থীরা। বিভিন্ন উৎসবে গণিতের গান, বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মঞ্চ মাতিয়ে রাখেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গণিত নিয়ে যশোরের পাপেট শো ও খুলনার বন্ধুদের পরিবেশনায় নাটিকা ছিলবিশেষআকর্ষণ। জামলপুর আর ময়মনসিংহে ছিল জাদুকর আনিসের গণিত জাদু !অঙ্ক জয়ে, প্রেরণার খোঁজেদুপুরের সূর্য মাথার ওপরে উঠতে একাডেমিক টিম হাজির হয়ে যায় ফলাফল নিয়ে। একে একে ঘোষণা করে বিভিন্ন ক্যাটাগরির ফলাফল। বিভিন্ন উৎসব থেকে নির্বাচিত শিক্ষার্থীরা পায় ঢাকায় জাতীয় উৎসবে অংশগ্রহণের চিঠি। কিন্তু যারা এবার পারেনি, তারা কী করবে? বরিশালের মডেল স্কুলের দশম শ্রেণীর রূপম তালুকদার এবারের ফলাফলকে পাত্তা না দিয়েই বলে ওঠে ‘আগামীবার দেখিয়ে দিব’। আর বিজয়ীরা লাল টি-শার্টে মেতে ওঠে জাতীয় উৎসবে অংশ নেওয়ার আনন্দে!