
বিজ্ঞানের বিশাল রাজ্যে খুদে শিক্ষার্থীদের পদচারণকে উৎসাহিত করতে ভিকারুন্নিসা নূন সায়েন্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো বিজ্ঞান উৎসব। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ উৎসবের সমাপনী অনুষ্ঠান ছিল ৩ মার্চ।
চার দিনব্যাপী উৎসবে ছিল বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, রসায়ন অলিম্পিয়াড, অ্যাস্ট্রো অলিম্পিয়াড, মহাকাশ পর্যবেক্ষণ, সুডোকু প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, রুবিকস কিউব প্রতিযোগিতা, বিজ্ঞানবিষয়ক কর্মশালাসহ নানা আয়োজন। এবারের উৎসব ছিল ক্লাবটির আয়োজনে হওয়া ১৭তম বিজ্ঞান উৎসব।
এ বছর উৎসবের মূলমন্ত্র ছিল ‘উজ্জ্বল আগামীর ভিত্তি, আশীর্বাদ হোক বিজ্ঞান ও প্রযুক্তি, দিশেহারা প্রজন্ম পাক মনস্তাত্ত্বিক শক্তি’। উৎসবে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও সেন্ট যোসেফ হাইস্কুল, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, ঢাকা কলেজসহ ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজ থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকল্প প্রদর্শনীতে ছিল ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের তৈরি করা প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে কিছু ছিল মনস্তাত্ত্বিক প্রকল্প। এর মধ্যে ‘ফেসবুক সাইকোলজি’ ও ‘স্বপ্ন শুধুই স্বপ্ন নয়’ নামের দুটি প্রকল্প বেশ জনপ্রিয়তা পায়।
তথ্যপ্রযুক্তি নিয়েও ছিল বিভিন্ন প্রকল্প, যেগুলোর মধ্যে ‘ক্ষুদ্রতম এফএম ট্রান্সমিটার’ প্রকল্পটি মন কেড়েছে সবার। এসব ছাড়াও ছিল পানিদূষণ থেকে দেশকে বাঁচানো, সৌরশক্তির সাহায্যে পানি বিশুদ্ধকরণ, পুনরায় ব্যবহারযোগ্য উৎস থেকে ও চলমান যানবাহন থেকে বিদ্যুৎশক্তি উৎপাদন, বৈশ্বিক উষ্ণায়ন, স্টিম ইঞ্জিন, সহজে তৈরি করা যায় এমন এয়ারকন্ডিশনার এবং আরও নানা বিষয় নিয়ে প্রকল্প।
ক্লাবটির পরিচালক মাজেদা বেগম বলেন, ‘শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর করে তাদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি আমরা।’
ক্লাবের সভাপতি অনুরত প্রভা হূদি বলেন, ‘বিন্দু থেকেই তো সিন্ধু হয়, আমরা যদি আমাদের কাজের মাধ্যমে সমাজের কিছু অংশকে বিজ্ঞানের সুন্দর জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে হয়তো এখান থেকেই বিজ্ঞানমনস্কতার সূচনা হতে পারে।’ ক্লাবের সহসভাপতি রুমঝুম ফাত্তাহ্ বলেন, ‘এমন আয়োজনে আমাদের শিক্ষকমণ্ডলীর সহযোগিতা আমাদের সব সময় অনুপ্রাণিত করে। এ উৎসবের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।’
ক্লাবের সাধারণ সম্পাদক শেমন্তী আজিজ বলেন, ‘এটি আমাদের ১৭ বছরের ঐতিহ্য, সেই ঐতিহ্যকেই এগিয়ে নিতে চাই।’
ভিকারুন্নিসার শিক্ষার্থী তাসনূভা আহমেদ ও মায়িশা ফাহমিদা জানাল, এবার শিক্ষার্থীরা আগের বারের চেয়েও অনেক উন্নত বিজ্ঞান প্রকল্প তৈরি করেছে।
প্রতিষ্ঠানটির অপর এক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলল, ‘উৎসবে কাজ করাটা একটা স্বপ্ন ছিল। গত বছরও সে সুযোগ পেয়েছি, এবারও পেয়েছি। খুব ভালো লাগছে।’
উৎসবের শেষ দিনে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরীন আহমাদ। অনুষ্ঠানে সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।