উৎসবে মেতে শেষহলো কম্পিউটার সিটি মেলা
শুরু থেকে শেষ পর্যন্ত প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ আর জমজমাট বিকিকিনির মধ্য দিয়ে শেষ হলো বিসিএস কম্পিউটার সিটির উৎসবমুখর মেলা। সিটিআইটি ২০১০ নামের এ মেলা শেষ হয় গতকাল শনিবার রাত আটটায়। গতকাল শেষ দিনে ছিল দর্শকদের তুমুল ভিড়। মেলার শেষ মুহূর্তেও ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্য ছাড় ও পুরস্কার অফারের সুযোগ। প্রযুক্তিপ্রেমীরা শেষ মুহূর্তের সুযোগ নিতে কিনে নিয়েছেন নানা ধরনের প্রযুক্তিপণ্য। মেলার শেষ আয়োজন হিসেবে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, নানা রকম মেলার মধ্যে তথ্যপ্রযুক্তি মেলা হচ্ছে অন্যতম, যেখানে তরুন থেকে শুরু করে সব বয়সী দর্শকদের সমাগম ঘটে। অ্যাসোসিয়েশন ফর এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ড্রাস্ট্রিস অর্গানাইজেশনের (অ্যাসোসিও) উপসভাপতি আবদুল্লাহ এইচ কাফী তথ্যপ্রযুক্তি বিশেষায়িত সেবা নিয়ে মেলার আয়োজন করার আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তৃতা করেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক এ এস এম আবদুল মুক্তাদির। অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষঅবদান রাখার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি (বেসিস) হাবিবুল্লাহ এন করিম ও গ্লোবাল ব্র্যান্ড প্রা. লিমিটেডের চেয়ারম্যান এ এস এম আব্দুল ফাত্তাহকে আজীবন সম্মাননা দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় অবদানের জন্য প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেনকেও বিশেষসম্মাননা দেওয়া হয়। গত শুক্রবার মেলায় অনুষ্ঠিত হয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। এতে বিজয়ী হয়েছে গ্রুপ এ-তে প্রথম তাওসিফ মারুফ, দ্বিতীয় ফাইরুজ জামান এবং তৃতীয় মোবাশ্বের রহমান; গ্রুপ বি-তে প্রথম এ এস এম সুফিয়ান, দ্বিতীয় রিফাহ তাসনীম এবং তৃতীয় হয়েছে আমরিন শাহরিয়ার এবং গ্রুপ সি-তে প্রথম সাদিয়া সুলতানা, দ্বিতীয় মো. নাসিম আহমেদ এবং তৃতীয় হয়েছে মোবাশ্বের আহমেদ। প্রতিবন্ধী খুদে আঁকিয়েদের মধ্যে বিশেষ পুরস্কার পেয়েছেআসিফ হাসান এবং আরিফ হাসান। এছাড়া স্যামসাং ডিজিটাল ছবি তোলার প্রতিযোগিতায় এ বিভাগে প্রথম মমতাজ আক্তার, দ্বিতীয় মোঃ রায়হানুল হক এবং তৃতীয় হয়েছেন নুরুন্নবী শেখ। গ্রুপ-বিতে প্রথম শেখ মহিন উদ্দিন, দ্বিতীয় খন্দকার আসাদ উজ-জামান ও তৃতীয় হয়েছেন হুমায়ন কবির সিকদার। মেলার পর আজ বিসিএস কম্পিউটার সিটি বন্ধ থাকছে। কাল থেকে যথারিতি খোলা থাকবে। —নুরুন্নবী হাছিব ও বাদল খান