উৎসবে সবার সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলেছে একটু সময়। পরিবারকে সবাই মিলে ঘুরতে যেতে পারেন—ছবি: প্রথম আলো
মিলেছে একটু সময়। পরিবারকে সবাই মিলে ঘুরতে যেতে পারেন—ছবি: প্রথম আলো

সারা দিন নিজের পেশাগত কাজে ছুটে বেড়ানো, সন্তানের সঙ্গে সময় কাটানো আর নিজেকে কিছুটা সময় দেওয়া। এসবের পরে বিশেষ অনুষ্ঠান ছাড়া বাইরে ঘুরতে যাওয়া অনেক সময় হয়ে ওঠে না। আর এখনকার শহুরে জীবনে কারও আত্মীয়স্বজনের বাসায় যদিও-বা যাওয়া হয়, কিন্তু পাড়া-প্রতিবেশীর বাসায় যাওয়া হয় না! নিজেকে নিয়েই যেন ব্যস্ত।
এই আত্মকেন্দ্রিকতার খোপে আটকা পড়ে যাচ্ছে আমাদের মানসিক বিকাশ। বদলে যাচ্ছে মানবিক মূল্যবোধ। বাধাগ্রস্ত হচ্ছে মনের স্বাভাবিক গতি-প্রকৃতি, পূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন। সবকিছুর পরে নিজের একটি আলাদা সত্তা রয়েছে, তা মাঝেমধ্যে বিস্মৃত হয়ে যাই আমরা।
মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ— অপরের প্রয়োজনে নিজের এগিয়ে যাওয়া আর নিজের প্রয়োজনে অপরকে পাশে পাওয়াই চিরন্তন রীতি। নগরজীবনের সীমাবদ্ধতাকে অস্বীকার করা যায় না; ব্যস্ততা, যানজট, নিরাপত্তার প্রশ্ন সবকিছু মিলিয়ে হয়তো সব সময় পারি না চিরন্তন এই রীতিকে পালন করতে, অনেকটা বাধ্য হয়েই নিজেকে গুটিয়ে রাখি। কিন্তু সব সীমাবদ্ধতাকে অতিক্রম করতে আমাদের সামনে এসে দাঁড়ায় উৎসবের দিনগুলো। ঈদ-পূজা-নববর্ষ এই দিনগুলোতে যেভাবে পরিবারের সদস্যরা একসঙ্গে মেতে ওঠেন আনন্দে, তেমনি সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ তৈরি হয় এই বিশেষ দিনে।
উৎসব মানে কেবল বিশেষ খাবার, নতুন পোশাক, পত্রিকার বিশেষ সংখ্যা বা টেলিভিশনে বিশেষ নাটক নয়, উৎসবে আমরা প্রাণের সঙ্গে প্রাণকে মেলানোর সুযোগ পাই। তাই অন্যান্য দিনে আমরা যা পারি না, সেটা আমরা এই বিশেষ দিনে করার চেষ্টা করতে পারি। সাধারণ দিনগুলোতে প্রতিবেশীর সঙ্গে খুব একটা যোগাযোগ না থাকলেও উৎসবের দিনে প্রতিবেশীর সঙ্গে শুধু নিজে নয়, সন্তানদেরও উদ্বুদ্ধ করতে পারি। কেননা, পরিবারের শিশু, কিশোর ও তরুণ যারা রয়েছে, তাদের সামাজিক পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে এই শুভেচ্ছাবিনিময়ে অংশ নিতে বলতে হবে। পাশাপাশি বাসায় কাজ করবার জন্য যে মেয়েটি বা ছেলেটি আছে, তারও কিন্তু সামাজিক যোগাযোগে অভ্যস্ত হওয়ার প্রয়োজন। তাকেও সেই সুযোগ করে দিতে হবে।
 উৎসবের দিনটিতে প্রতিবেশীর জন্য খানিকটা সময় বরাদ্দ রাখুন। ‘কোনো দিন যাওয়া হয়নি’ ভেবে জড়তায় থাকবেন না। উৎসবের সুযোগ নিয়ে জড়তা কাটিয়ে উঠুন।
 আপনার সন্তানকে প্রতিবেশীর সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিন, নিজের সামাজিক অবস্থানের অহমিকা ত্যাগ করে সন্তানকে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।
 আপনার সন্তানের কাছাকাছি বয়সের কোনো সদস্য যদি প্রতিবেশীর পরিবারে নাও থাকে, তবু আপনার সন্তানকে প্রতিবেশীর সঙ্গে বা তার অত্যন্ত ছোট শিশুটির সঙ্গে পরিচয় করিয়ে দিন। এতে করে তার মধ্যে শ্রদ্ধাবোধ ও স্নেহ দুই-ই তৈরি হবে।
 যদি সম্ভব হয় ও সুযোগ থাকে, তবে প্রতিবেশী পরিবারের কোনো বিশেষ সদস্য যেমন গুরুজনস্থানীয় বয়োবৃদ্ধ বা শিশুর জন্য ছোটখাটো উপহার দিতে পারেন।
 নিজেরা প্রতিবেশীর সঙ্গে দেখা-সাক্ষাৎ করার পাশাপাশি তাঁদেরও আপনার বাসায় আসতে আমন্ত্রণ জানান। তাঁরা বাসায় এলে বিরক্তি প্রকাশ করবেন না, তাঁদের সাধ্যমতো আপ্যায়ন করুন।
 প্রতিবেশী কারোর মধ্যে যদি কোনো সমস্যা থাকলে (যেমন মাদকাসক্তি) তা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করবেন না, বিষয়টি স্পর্শকাতরজ্ঞান করে সে পরিবারের নির্ভরযোগ্য সদস্যের সঙ্গে যোগাযোগ করুন ও বিনয়ের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিন।
 উৎসবকে উপলক্ষ করে বাসার কাজের মানুষটিকে কেবল নতুন কাপড় কিনে দিয়েই দায়িত্ব শেষ করবেন না। তাকেও অপরের সঙ্গে দেখা করার সুযোগ করে দিতে হবে। মনে রাখতে হবে যে সে-ও মানুষ এবং তারও মানসিক বিকাশের প্রয়োজন আছে।
উৎসবে বেড়ানো মানে কিন্তু শুধু পাহাড় বা সমুদ্রই নয়। বাড়ির কাছের পড়শিও হতে পারে আপনার বেড়ানোর আরেক ঠিকানা। এই বেড়ানোর মধ্য দিয়ে বাড়বে সামাজিক মিথস্ক্রিয়া, পরিশীলিত হবে আপনার মনন, উৎসবের দিনে এই সুযোগ যেন হেলায় না হারায়।
লেখক : মনোচিকিৎসক