উৎসবের শহর গাইবান্ধা
২৭ সেপ্টেম্বর। বৃহস্পতিবার। মাথার ওপর প্রখর রোদ, সঙ্গে অসহ্য গরম। এর মধ্যেই গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাণবন্ত হয়ে উঠল গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এ উৎসব হলেও বাদ যায়নি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আসাদুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শুভ রহমান বলে, ‘আমি ইন্টারনেটের কথা শুনেছি; কিন্তু ইন্টারনেট দিয়ে কী হয়, তা জানি না। তাই এ বিষয়ে জানতে এসেছি।’গাইবান্ধা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জাকারিয়া মণ্ডল বলে, ‘ইন্টারনেট সম্পর্কে তেমন কিছু জানতাম না। গোটা পৃথিবীর তথ্য যে ইন্টারনেটে পাওয়া যায়, আজ গ্রামীণফোন-প্রথম আলো উৎসবে এসে জানলাম।’প্রায় একই রকম অনুভূতি গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নিলয় সাহার। ‘হাতে-কলমে ইন্টারনেট ব্রাউজ করা শিখে মনে হচ্ছে, হাতের মুঠোয় লাইট থাকতেও জ্বালাতে পারিনি। অন্ধকারে ডুবে ছিলাম। এখন মনে হচ্ছে, মুঠোফোনে ইন্টারনেট থাকা মানে হাতের মুঠোয় পৃথিবী আছে।’একই বিদ্যালয়ের শিক্ষার্থী রোকনুজ্জামান বলে, ‘ভর্তির বিজ্ঞপ্তি দেখার জন্য ভাইকে পত্রিকা কিনতে বলতাম; কিন্তু মুঠোফোনে ইন্টারনেট ব্রাউজ করে যে ভর্তির খবর জানা যায়, এ বিষয় জানতাম না। আজ উৎসবে না এলে বিষয়টি অজানাই থেকে যেত।’ইন্টারনেট সম্পর্কে জানতে আসা এসব শিক্ষার্থীর মধ্য থেকে আই-জিনিয়াস নির্বাচিত হয় গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আলী আহমেদ। আনন্দাশ্রু নিয়ে সে বলে, ‘মুঠোফোন ব্যবহার করতাম বলে বাবা সব সময় আমার সঙ্গে রাগারাগি করতেন। আজ আই-জিনিয়াস নির্বাচিত হব—ভাবতে অবাক লাগছে। আমি খুবই আনন্দিত। আই-জিনিয়াস হওয়ায় ইন্টারনেট ব্যবহারের প্রতি আমার আগ্রহ বেড়ে গেল।’