ঋণসুবিধা বাড়াতে বেসিস ও আইডিএলসির চুক্তি

সফটওয়্যার, বিপিও এবং ই-কমার্স ব্যবসার জন্য উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণসহ আর্থিক সুবিধা গ্রহণে বিভিন্ন সমস্যায় পড়েন। এ সমস্যা সমাধানে তথ্যপ্রযুক্তি খাতে দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইডিএলসির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারক সই হয়। বেসিস এর পক্ষে নির্বাহী পরিচালক সামী আহমেদ ও আইডিএলসির পক্ষে হেড অব এসএমই জাহিদ ইবনে হাই স্মারকে সই করেন। বেসিস সূত্রে এ তথ্য জানা গেছে।
চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে বেসিসের সভাপতি শামীম আহসান ও আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসাইন উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল এবং আইডিএলসির এর হেড অব ক্রেডিট আসিফ সা’দ বিন শামস এবং এসএমই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বেসিসের দাবি, চুক্তি সইয়ের ফলে বেসিস-এর আর্থিক সহযোগী হলো আইডিএলসি। বেসিস সদস্যদের জন্য আইডিএলসি থেকে অপেক্ষাকৃত স্বল্পসুদে এসএমই ঋণ, স্বল্পমেয়াদি ঋণ, ফ্যাক্টরিং ও ওয়ার্কঅর্ডার ফাইনান্সিং, নারী উদ্যোক্তা ঋণ, বাণিজ্যিক যানবাহন ঋণ, কমার্শিয়াল স্পেস ক্রয়ের জন্য ঋণ এবং স্টার্টআপ ঋণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি আইডিএলসি দেশের তথ্য প্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং বহুল প্রচারে স্পনসর সংগ্রহসহ আর্থিক সহায়তা দেবে। বেসিসের জন্য একজন রিলেশনশিপ ম্যানেজারকে পৃথকভাবে দায়িত্ব দেবে আইডিএলসি। আইডিএলসির তালিকাভুক্ত অন্যান্য সেক্টরের ক্লায়েন্ট কোম্পানিসমূহকে বেসিস সদস্যদের কাছ থেকে সফটওয়্যার ক্রয়েও উৎসাহিত করবে।
বেসিস ও আইডিএলসির মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক সম্পর্কে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, সফটওয়্যার ও আইটি ব্যবসায় ঋণ প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে জনসম্পদ ও মেধাস্বত্ব সম্পদের সঠিক মূল্য নির্ণয় ও নির্ধারণ করতে না পারা। এ ব্যাপারে বিভিন্ন ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে বেসিস উৎসাহ দিচ্ছে। আইডিএলসির সঙ্গে চুক্তিটি সে প্রক্রিয়ার অংশ। এর ফলে সফটওয়্যার ও বিপিও এবং ই-কমার্স ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনে ঋণ গ্রহণ সহজতর হবে।
আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসাইন বলেন, এসএমই খাতে আইডিএলসির বিশেষ নজর রয়েছে এবং এর প্রবৃদ্ধিও বেশ ভালো, তথ্যপ্রযুক্তি খাতের জন্য সাম্প্রতিক এই উদ্যোগ সেই ব্যবসায়িক কৌশলেরই বর্ধিত রূপ। উদ্ভাবনী ব্যবসার ক্ষেত্রে আইডিএলসির সব সময়ই সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং বেসিস সদস্যদের জন্য আর্থিক এবং নানাবিধ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি।