এ, বি, এবি রক্তের গ্রুপে হূদরোগের ঝুঁকি!
‘এ’, ‘বি’ এবং ‘এবি’ গ্রুপের রক্তের মানুষ হূদরোগের ঝুঁকিতে ভোগে বেশি। সেই তুলনায় ‘ও’ রক্ত গ্রুপের মানুষের হূদরোগের ঝুঁকি কম। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।এ প্রসঙ্গে যুক্তরাজ্যের গবেষকেরা জানিয়েছেন, যাঁদের রক্তের গ্রুপ ‘এবি’, তাঁরা বেশি হূদরোগের ঝুঁকিতে ভোগেন। ‘ও’ গ্রুপের মানুষের চেয়ে ‘এবি’ গ্রুপের মানুষের ২৩ শতাংশ হূদরোগের ঝুঁকি বেশি। তবে রক্তের গ্রুপ ‘এবি’ হলে হূদরোগের ঝুঁকি কেন বাড়ে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তাঁরা। বর্তমানে জীবনযাত্রার মান উন্নত করতে রক্তের গ্রুপ কীভাবে ভূমিকা রাখে, সে বিষয়টি নিয়ে গবেষণা করছেন তাঁরা। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে দেখা গেছে, রক্তের গ্রুপ ‘বি’ এবং ‘এ’র ক্ষেত্রেও হূদরোগের ঝুঁকির হার ১১ ও ৫ শতাংশ বেড়েছে।হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের গবেষক লু কেই জানিয়েছেন, ‘রক্তের গ্রুপ খুব জটিল একটি বিষয়। রক্তের গ্রুপের কারণে হূদরোগের ঝুঁকির ক্ষেত্রে একাধিক পদ্ধতি ভূমিকা রাখতে পারে। যেহেতু মানুষের রক্তের গ্রুপ পরিবর্তন করা সম্ভব নয়। এই গবেষণা হূদরোগীরা বিশেষ কোন ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে, তা জানতে চিকিত্সকদের সাহায্য করবে।লু কেই আরও জানিয়েছেন, রক্তের গ্রুপ জানা যেমন প্রয়োজন, তেমনি রক্তে কোলেস্টেরলের মাত্রা বা রক্তচাপের বিষয়টি জানা থাকা ভালো। যদি কেউ হূদরোগের ঝুঁকির মাত্রা জানতে পারে, তখন নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা করা এবং ধূমপান ছেড়ে দেওয়ার মতো নিয়ন্ত্রিত জীবনযাপন তার পক্ষে সম্ভব হয়।’ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে হূদরোগের ঝুঁকি কমাতে নিজের প্রতি যত্নশীল হওয়ার জন্য বলা হয়েছে। এ সংস্থাটির জ্যেষ্ঠ সেবিকা ডোরিয়ান ম্যাডক জানিয়েছেন, রক্তের ধরন পরিবর্তন করার ক্ষমতা মানুষের নেই, কিন্তু নিয়ন্ত্রিত জীবনধারণ হূদরোগের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে পারে।’