এ উৎসব সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি অত্যন্ত আনন্দিত যে ১১তম গণিত অলিম্পিয়াড সফলভাবে সমাপ্ত হয়েছে। সারা দেশের প্রায় ২২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ এ অলিম্পিয়াড ও উৎসবের সাফল্যের একটি প্রতিফলন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) পৃথিবীর ১০০টি দেশ থেকে শিক্ষার্থীদের দল অংশ নেয় কিন্তু বাংলাদেশের মতো প্রাথমিক পর্যায় থেকে শুরু করে প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এত বড় আয়োজন আর কোনো দেশে হয় না। আমাদের এ আয়োজনের সাফল্যের পেছনে অনেকগুলো উল্লেখযোগ্য ফ্যাক্টর আছে এবং কাজ করছে। প্রথমে বলতে হয়, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উৎসাহের কথা। দ্বিতীয়ত, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে এ উৎসব আয়োজনে স্কুল-কলেজের ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা। আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হলো সারা দেশে শত শত গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক দলের কাজ, যাদের নাম দিয়েছি মুভার্স এবং প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। আমাদের জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটিতে দেশের প্রবীণ গণিতবিদ ও বিজ্ঞানীদের উপস্থিতি এ সম্পূর্ণ আয়োজনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক প্রথম আলোর সহযোগিতা এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়ন। এসব উপাদান আমাদের গত এক দশকে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে গণিতভীতি দূর করতে অনেকখানি সক্ষম হয়েছে। আমাদের অন্যতম স্বপ্ন ছিল ২০১০ সালের মধ্যে আইএমওতে একটি পদক লাভ করা। সেটা আমরা আমাদের লক্ষ্যমাত্রার এক বছর আগেই ২০০৯ সালে অর্জন করেছি। ২০১২ সালের আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৫৩তম আইএমওতে রৌপ্যপদক অর্জন করে আরও এক ধাপ এগিয়েছি। আশা করি, চলতি বছরের জুলাইয়ে কলম্বিয়ায় অনুষ্ঠেয় ৫৪তম আইএমওতে আমাদের অংশগ্রহণকারী দলের একজন স্বর্ণপদক নিয়ে আসতে পারে। আমরা গণিত উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। এ ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং জাতীয় চেতনায় উদ্দীপ্ত করার চেষ্টা করি। আমরা প্রতিবছর যাঁরা চূড়ান্ত পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রেখেছেন তাঁদেরও সংবর্ধনার আয়োজন করি। আমি অত্যন্ত আনন্দিত যে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে আমাদের এ গণিত অলিম্পিয়াড উৎসবের স্বীকৃতি সরকারের প্রণীত ‘প্রেক্ষিত পরিকল্পনা ২০২১’-এ উল্লেখ করা হয়েছে এবং বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে এ ধরনের আয়োজন করার জন্য অন্যদের এগিয়ে আসার আহ্বান করেছে।সভাপতি: বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি