এ কী ধরনের মশকরা!

একপাশে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আরেক পাশে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মাঝে ডেনমার্কের প্রধানমন্ত্রী হেলি থরনিং স্মিডথ। কুশল বিনিময়ের পাশাপাশি হাস্যরসে মেতে উঠেছিলেন তাঁরা। শুধু তা-ই নয়, হাস্যকৌতুক করতে করতে মোবাইল ফোনের ক্যামেরায় এই তিনজন নিজেদের ছবি তোলেন। ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অনেক ফটোসাংবাদিক। তাদেরই কেউ কেউ ক্যামেরাবন্দী করেন এ দৃশ্য। ছেড়ে দেন অনলাইনে। এরপর যা হওয়ার তা-ই হয়েছে। ওঠে সমালোচনার ঝড়।
টুইটার ব্যবহারকারী জেমস আর্মিটেজথ্রি লিখেছেন: ‘কোন আহাম্মকেরা শোকানুষ্ঠানে আপ-ছবি তোলে? ও হ্যাঁ, ঠিক মনে পড়েছে, বারাক ওবামা ও ডেভিড ক্যামেরন।’
সারাহ ম্যাকডারমোট প্রধানমন্ত্রী ক্যামেরনের কাছে পাঠানো এক বার্তায় লিখেছেন, ‘ভদ্র আচরণ সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই।’
ডেনমার্কের প্রধানমন্ত্রী হেলি থরনিং স্মিডথ ব্রিটেনের লেবার পার্টির সাবেক নেতা নিল কিনোকের পুত্রবধূ। তাই এ নিয়ে ব্রিটিশদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মেল হুয়াং নামে একজন টুইটারে লিখেছেন, ‘আমার মনে হয়, নিজের পুত্রবধূকে একটি স্মরণসভায় ডেভিড ক্যামেরনের সঙ্গে ছবি তুলতে দেখলে নিল কিনোক অক্কা পেতেন।’
বিশ্বনেতাদের এমন আচরণ ম্যান্ডেলার প্রতি বা তাঁর স্মৃতির প্রতি অবজ্ঞার বহিঃপ্রকাশ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের কাছেই তিন রাষ্ট্রনেতার আচরণকে অসৌজন্যমূলক বলে মনে হয়েছে।
ঘটনাটি নিয়ে ব্রিটেনের দৈনিক দ্য গার্ডিয়ানে গত ১১ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘এক স্থানে বহু শীর্ষস্থানীয় ব্যক্তির সমাগমের সুবাদে তাঁরা নিজেদের ফটো তোলার সুযোগ নিতে থাকেন।... আদব-কায়দার তোয়াক্কা না করে ওই তিন বিশ্বনেতা যেন অনুষ্ঠানের ভাবগাম্ভীর্যকে বেমালুম ভুলে গিয়েছিলেন। তাই দাঁত কেলিয়ে হাসছিলেন। ওই হাস্যকৌতুকে যোগ না দিয়ে মিশেল ওবামা কোনোক্রমে নিজের মান বাঁচিয়েছেন।’
এ নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে সদস্যদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী ক্যামেরনকে। ক্যামেরন তাঁর আচরণের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘যখন কিনোক পরিবারের কেউ একজন আমাকে ছবি তোলার প্রস্তাব দিলেন, তখন ভাবলাম রাজি হয়ে যাওয়াটাই বুঝি ভদ্রতা।’ পার্লামেন্টে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে ক্যামেরন স্বীকার করেন, তাঁর খেয়াল রাখা উচিত ছিল যে ‘অনেক ক্যামেরা চালু আছে।’
স্মরণসভায় ওবামার আচরণে তাঁর স্ত্রী মিশেল যে যথেষ্ট মনঃক্ষুণ্ন হয়েছেন, তা তাঁর আচরণে ছিল স্পষ্ট। একপর্যায়ে মিশেল গিয়ে ওবামা ও স্মিডথের মধ্যে বসে পড়েন এবং স্মিডথের সঙ্গে কথা বলতে থাকেন। মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে এক চীনা নাগরিক লিখেছেন, ‘আজকের স্মরণসভায় ডেনমার্কের তরুণী ও সুন্দরী প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে দারুণ সময় কাটিয়েছেন ওবামা। কিন্তু এতে চটেছেন মিশেল। অথচ ওবামা মিশেলের দিকে খেয়ালই করছিলেন না। একপর্যায়ে তিনি স্মিডথের কাঁধে হাত রেখে কথা বলতে শুরু করেছিলেন। মিশেল এসব সহ্য করতে না পেরে শেষে দুজনের মাঝখানে গিয়ে বসে পড়েন।’
তবে অনেকের মত হলো, অনুষ্ঠানটি কেবল ম্যান্ডেলার স্মরণসভা ছিল না। দক্ষিণ আফ্রিকার সংস্কৃতি অনুযায়ী, জীবনকে উদ্যাপনের আয়োজন ছিল ওই অনুষ্ঠানে। তাই তাতে নাচ-গান-বাজনার আয়োজনও ছিল। এ প্রসঙ্গে এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘মানুষেরা জ্বলে ওঠো, এটা হলো জীবনের উদ্যাপন।’
একজন ওয়েইবোতে লিখেছেন, ‘একবার ভাবুন, কালো-সাদার এমন সখ্য দেখে ম্যান্ডেলা কী করতেন? ভীষণ খুশি হতেন তিনি।’
গোলাম মুর্শেদ
সূত্র: হাফিংটন পোস্ট, বিবিসি ও দ্য গার্ডিয়ান