এ টি কারনির তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশ

তথ্যপ্রযুক্তির উন্নয়নে বাংলাদেশের এগিয়ে চলার বিষয়টি ক্রমশ স্পষ্ট হচ্ছে। সম্প্রতি বিশ্বখ্যাত প্রথম সারির ম্যানেজমেন্ট কনসালটিং ফার্ম এ টি কারনির গ্লোবাল সার্ভিস লোকেশন ইনডেক্স বা জিএসএলআইয়ে বাংলাদেশ প্রথমবারের মতো স্থান পেয়েছে। এ টি কারনি প্রকাশিত প্রতিবেদনে আইটি আউটসোর্সিং, অফশোরিংয়ের ভিত্তিতে বিশ্বের ৫০টি দেশের মধ্যে তালিকায় বাংলাদেশ রয়েছে ২৬তম অবস্থানে। এ তালিকায় ব্যবসাসংশ্লিষ্ট ব্যয় (বিজনেস অ্যাট্রাক্টটিভনেস) সূচকে শীর্ষে রয়েছে বাংলাদেশ।
গ্লোবাল সার্ভিস লোকেশন ইনডেক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি উপলক্ষে আজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বেসিসের সভাপতি শামীম আহসান, জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পালসহ বেসিসের কর্মকর্তারা।
বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, আজকের দিনটি আমাদের, বিশেষ করে তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য আনন্দের। এ টি কারনি বিশ্বখ্যাত কনসালটিং ফার্ম। বিশ্বের ৪০টি দেশে তাদের কার্যক্রম রয়েছে। এই প্রথমবারের মতো এ টি কারনির তালিকায় স্থান পেল বাংলাদেশ। তথ্যপ্রযুক্তিশিল্পে বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে এ ধরনের প্রতিবেদন যথেষ্ট ভূমিকা রাখে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে আকর্ষণ করে। পাশাপাশি বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং হয়।
এই প্রতিবেদন প্রসঙ্গে শামীম আহসান আরও বলেন, ‘এ টি কারনির সূচকে বিশ্বের উল্লেখযোগ্য ৫০টি আইটি আউটসোর্সিং দেশের মধ্যে এশিয়ার দেশগুলো প্রভাব বিস্তার করছে। সূচকে প্রধানত দেশগুলোর ব্যবসা পরিবেশ, আর্থিক বিষয়ক সুযোগ-সুবিধা, দক্ষ জনবল ও তাদের সহজলভ্যতার বিষয়গুলোর অবস্থান নিরূপণ করা হয়েছে। এই সূচকে তালিকায় থাকা ৫০টি দেশের মধ্যে ব্যবসা আকর্ষণের সূচকে বাংলাদেশ প্রথম অবস্থানে রয়েছে। অন্য দুটি ক্ষেত্রে অর্থাৎ দক্ষ জনবল ও ব্যবসার পরিবেশ উন্নয়নে স্থান পেলেও এগুলোর উন্নয়নে আরও কাজ করতে হবে।’
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগেই বড় হচ্ছে এবং রপ্তানির ক্ষেত্রে নিজেরাই ক্রেতা খুঁজে বের করছে। প্রতিবেদনে তথ্য ও যোগাযোগে বেসিসের ভূমিকার প্রশংসা করা হয়েছে।
বাংলাদেশকে বিশ্বের অন্যতম ফ্রিল্যান্সিং হাব উল্লেখ করে বলা হয়েছে, এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ইতিবাচক। অনলাইন আউটসোর্সিং মার্কেটপ্লেস ওডেস্কের রেটিংয়ে মাত্র তিন বছরের মধ্যে বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছেছে বাংলাদেশ।
প্রসঙ্গত, এর আগে বাজার গবেষণাপ্রতিষ্ঠান গার্টনার বিশ্বের ৩০টি আউটসোর্সিং দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল। সে সময় আইটি অবকাঠামো ও অন্যান্য বিষয়ে বাংলাদেশের আরও উন্নয়ন করার সুযোগ রয়েছে বলে গার্টনারের প্রতিবেদনে বলা হয়েছিল।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।’ এ ক্ষেত্রে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা বলেন তিনি। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানান।
তথ্যপ্রযুক্তির উন্নয়নের ধারা অব্যাহত রেখে এবং এ ক্ষেত্রে এ টি কারনির প্রতিবেদন বিশ্লেষণ করে যেসব ক্ষেত্রে উন্নয়নের সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখার কথা বলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ। ২৬তম স্থান থেকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে শীর্ষ ১০টি দেশের মধ্যে দেখার আশা প্রকাশ করেন বেসিসের কর্মকর্তারা।