এ পরিস্থিতি থেকে উত্তরণই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেল আল-সিসি
জেনারেল আল-সিসি

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের টানা প্রতিবাদ-বিক্ষোভ রক্তক্ষয়ী উপায়ে থামানোর পরিণতিতে জরুরি অবস্থা ঘোষণায় বাধ্য হয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের উপপ্রধানমন্ত্রী সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি কঠিন চ্যালেঞ্জের মুখে। অতিসম্প্রতি সার্বিক পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন পোস্ট-এর সঙ্গে কথা বলেন জেনারেল সিসি। সেই কথোপকথনের উল্লেখযোগ্য অংশ:
প্রশ্ন: কবে থেকে বর্তমান সংকটের শুরু বলে মনে করেন
সিসি: বর্তমান সংকটের শুরু আসলে মিসর রাষ্ট্রের ধারণা ও মতাদর্শ নিয়ে। এ বিষয়টি নিয়েই জনগণের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট মুরসির বিরোধের শুরু। মুরসি ও মুসলিম ব্রাদারহুড মিসরে ইসলামি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। মুরসি আসলে পুরো মিসরের জনগণের প্রেসিডেন্ট ছিলেন না। তিনি ছিলেন তাঁর অনুসারী ও সমর্থকদের প্রেসিডেন্ট।
প্রশ্ন: এ বিষয়টি কখন আপনার কাছে স্পষ্ট হয়?
সিসি: প্রথম দিনই এটা স্পষ্ট হয়েছে—মুরসি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনই। তিনি বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের মধ্য দিয়ে এটা শুরু করেছিলেন। বিচারকদের প্রতি সঠিক সম্মানও দেখাননি তিনি। তবে সেনাবাহিনী জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছে।

প্রশ্ন: তাই আপনি প্রেসিডেন্টকে মিসর ও সিনাই প্রসঙ্গে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তা মানেননি?

সিসি: আমরা মুরসির সাফল্যের ব্যাপারে আগে থেকেই নিশ্চিত ছিলাম। আমরা তাঁর বিরোধিতা করলে নির্বাচনের সময়ই তা করতে পারতাম। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর দুর্ভাগ্যজনকভাবে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বে জড়ালে যেকোনো প্রেসিডেন্টের ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। অন্যদিকে, প্রেসিডেন্ট বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে তাঁর সমর্থক বানানোর চেষ্টায় তাদের ডাক দেন।

প্রশ্ন: তিনি কোথা থেকে কাদের ডাক দিয়েছেন?

সিসি: আন্তর্জাতিকভাবে বিস্তৃত ৬০টিরও বেশি দেশে সংগঠিত মুসলিম ব্রাদারহুডকে। জাতীয়তাবাদ, দেশপ্রেম বা কোনো নির্দিষ্ট দেশের ধারণা থেকে নয়, ব্রাদারহুড সংগঠিত হয়েছে শুধু একটি আদর্শের ওপর, যা পুরোপুরি একটি সংগঠনের ধারণা থেকে প্রতিষ্ঠিত।

প্রশ্ন: নাহদা স্কয়ার ও রাব্বা আল আদাবিয়া মসজিদের চারপাশে মুরসির সমর্থনে ব্রাদারহুডের টানা অবস্থানের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।

সিসি: আমরা সত্যিই বিস্মিত হচ্ছি যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক অন্যান্য শক্তি, যারা মিসরের নিরাপত্তা ও ভালো চায়, বর্তমান পরিস্থিতিতে তাদের ভূমিকা কোথায়? স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ শুধু আপনারাই চর্চা করবেন? অন্য দেশের সেই অধিকার ও পরিবেশ উপভোগের অধিকার নেই? তাহরির স্কয়ারে লাখো মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা আপনারা দেখেননি? তার জবাব কী? আপনারা মিসরের জনগণকে ত্যাগ করেছেন। মিসরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মিসরের জনগণ এটা ভুলে যাবে না। কিন্তু মার্কিন স্বার্থ আর মিসরের জনগণের ইচ্ছার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

প্রশ্ন: যুক্তরাষ্ট্র এখন কী করতে পারে?

সিসি: এটা স্পষ্ট। মিসরের অর্থনীতির জন্য মার্কিন সহায়তা কই? মুরসি ক্ষমতায় থাকার সময়সহ বছরজুড়েই সেই সহায়তা নেই। অর্থনীতিসহ অন্যান্য প্রয়োজন মেটাতে সহায়তা কেন নেই?

প্রশ্ন: আপনি কি প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছেন?

সিসি: এই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হবে দেশের বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে এক ফোঁটা রক্তপাত ছাড়া আগামী নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।

প্রশ্ন: কিন্তু আপনি কি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন?

সিসি: আপনি মনে হয় বিশ্বাস করতে চাইছেন না যে ‘কর্তৃপক্ষ’ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে না, এমন মানুষও আছে।

প্রশ্ন: আপনি কি তেমন একজন?

সিসি: হ্যাঁ।

প্রশ্ন: আচ্ছা, আপনি কি মনে করেন সেনাবাহিনী হস্তক্ষেপ না করলে মিসরে গৃহযুদ্ধ শুরু হতো?

সিসি: আমি তা-ই মনে করি। বিষয়টি সাবেক প্রেসিডেন্ট মুরসিকে আমি জানিয়েছিলাম।

প্রশ্ন: আগামী নির্বাচনে মিসর কি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানাবে?

সিসি: বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পর্যবেক্ষকদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত।

প্রশ্ন: মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার (৩ জুলাই) পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী কি আপনাকে ফোন করেছেন?

সিসি: প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী ফোন করেননি। তবে প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হয়।

l ভাষান্তর: মাহফুজার রহমান