এ বছর আইপ্যাড বিক্রি সাড়ে ছয় কোটি ছাড়াবে!
চলতি বছর অ্যাপল সাড়ে ছয় কোটি ইউনিট ‘আইপ্যাড’ বিক্রি করতে পারে বলেই ধারণা করছে বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানাকর্ড জেনুইনিটি। প্রতিষ্ঠানটির বরাতে টেলিগ্রাফ অনলাইন এক খবরে জানিয়েছে, চলতি বছর ছয় কোটি ইউনিট আইপ্যাড বিক্রি করতে পারে এমন পূর্বাভাসের সঙ্গে ‘নিউ আইপ্যাডের’ অর্ধ কোটি ইউনিট আগাম অর্ডার পাওয়ায় আইপ্যাড বিক্রি সাড়ে ছয় কোটি ছাড়িয়ে যাবে। ২০১০ সালে আইপ্যাড আসার পর থেকে এখন পর্যন্ত সাড়ে পাঁচ কোটি ট্যাবলেট বিক্রি করেছে অ্যাপল।অ্যাপলের নতুন আইপ্যাড ১৯ মার্চ থেকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। রেটিনা ডিসপ্লেযুক্ত অ্যাপলের এই নিউ আইপ্যাডে রয়েছে উন্নত প্রসেসর ও পেছনের ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যানাকর্ড জেনুইনিটির বিশ্লেষক মাইকেল ওয়াকলে ও ম্যাথু রামসে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিউ আইপ্যাডের আগাম অর্ডার ও ঘোষণা দেওয়ার দুই-তিন সপ্তাহ পর বাজারে আসার হিসেব করে আমরা দেখেছি, এটি রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে। তাঁরা আরও জানিয়েছেন, সামনের ছয় মাস অ্যাপলের প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রতিষ্ঠানকে বাজারে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হবে। এখন অ্যাপলের প্রতিদ্বন্দ্বী বলতে গেলে অ্যান্ড্রয়েড-চালিত স্যামসাংয়ের ট্যাবলেট। তবে উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেট বাজারে এলে আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে।