এ বছর গুরুত্ব হারাল যেসব প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর কিছু নতুন প্রযুক্তিপণ্য মানুষের দরজায় কড়া নাড়ে, আবার কিছু প্রযুক্তি ভবিষ্যতের জন্য অকেজো হয়ে পড়ার ইঙ্গিত দেয়। ২০১২ সালটিও এর ব্যতিক্রম নয়। এ বছর নতুন প্রযুক্তিপণ্য যেমন মানুষকে মুগ্ধ করেছে, তেমনি হারাতে বসেছে জনপ্রিয় কিছু প্রযুক্তি ও পণ্য। এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০১২ সালে একসময়ের জনপ্রিয় বেশ কিছু প্রযুক্তি ও পণ্যের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। কোয়ারটি ফোন ব্যবহার হ্রাস২০১২ সালে জনপ্রিয়তায় ভাটা পড়েছে কোয়ারটি কি-বোর্ডযুক্ত মুঠোফোনের। ২০১০ সাল পর্যন্ত কোয়ারটি ফোনের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। মানুষের পছন্দের মুঠোফোনের তালিকায় ছিল কোয়ারটি কি-বোর্ড যুক্ত ব্ল্যাকবেরি ফোন বা নকিয়ার ই-সিরিজের মুঠোফোনগুলো। ২০১২ সালে এসে কোয়ারটি কি-বোর্ডযুক্ত মুঠোফোনের জনপ্রিয়তা কমতে শুরু করে। কি-বোর্ডযুক্ত মুঠোফোন নির্মাণ থেকে সরে এসেছে অনেক প্রতিষ্ঠান। নকিয়ার ই-সিরিজের স্মার্টফোনগুলোর জনপ্রিয়তা কমে যাওয়া কোয়ারটির চাহিদা হ্রাসের ইঙ্গিত দেয়। নকিয়া এখন সাশ্রয়ী দামের স্মার্টফোনেও টাচস্ক্রিন যুক্ত করছে। ২০১৩ সালের শুরুতেই ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম এনে কোয়ারটি কি-বোর্ডযুক্ত স্মার্টফোন তৈরি থেকে সরে যাবে ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন বা রিম।বিদায় ফ্যাক্স মেশিনপ্রযুক্তি বিশ্লেষকেরা বলেন, ২০১২ সালে এসে ফ্যাক্স মেশিনের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। ২০১২ সালে এর জনপ্রিয়তায় ভাটা পড়ায় এখন খুব কম লোকই ফ্যাক্স ব্যবহার করেন। অফিস বা বাড়ির কাজে অনেকেই ফ্যাক্স করার চেয়ে নথি স্ক্যান করে ই-মেইল করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। ই-মেইল অনেক দ্রুত ও সাশ্রয়ী হওয়ায় ফ্যাক্স যুগের ইতি দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।ডিভিডি যুগের শেষশেষবার কবে ডিভিডি বার্ন করেছেন, অনেকেই হয়তো তা মনে করতে পারবেন না। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, সাশ্রয়ী ফ্ল্যাশ ড্রাইভের কাছে যুদ্ধে হেরে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে ডিভিডি। এখন পেন ড্রাইভ ব্যবহার করে মিডিয়া চালু করা যায় বলে মানুষ ডিভিডি প্রযুক্তির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। ইতিমধ্যে প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল তাদের কিছু পণ্য থেকে ডিভিডি ড্রাইভ সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে। মাইক্রোসফটও অ্যাপলকে অনুসরণ করছে। অনেক ল্যাপটপ ও ট্যাবলেট নির্মাতাপ্রতিষ্ঠান ডিভিডি ড্রাইভকে অবসরে পাঠানোর পরিকল্পনা করেছে। ২০১৩ সালে ডিভিডির যুগ শেষ হয়ে যাবে।জনপ্রিয়তা হারাচ্ছে মুঠোফোন-বার্তা২০১২ সালে মুঠোফোনে বার্তা পাঠানোর জনপ্রিয়তায় ভাটা পড়েছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও অনলাইন মেসেঞ্জারের ব্যবহার বাড়ায় মুঠোফোনে বার্তা পাঠানো কমে গেছে। থ্রি-জি সুবিধার স্মার্টফোন ও তাতে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহারের কারণে তরুণেরা এখন মুঠোফোনের বার্তায় আগ্রহ হারিয়েছে। আগামী বছর মুঠোফোন-বার্তার জনপ্রিয়তা আরও কমে যাবে। ফেসবুক মোবাইল মেসেঞ্জারের মতো বিনা মূল্যের জনপ্রিয় চ্যাট অ্যাপ্লিকেশন ব্যবহার করার ফলে ইন্টারনেট ছাড়া ব্যবহারকারীদের বাড়তি কোনো খরচ হচ্ছে না। টুইটার, ফেসবুকের বিভিন্ন অ্যাপ্লিকেশন, চ্যাট মেসেঞ্জারে বিনা মূল্যে যোগাযোগের সুবিধা থাকায় ব্যবহারকারীরা দিন দিন খুদে বার্তা পাঠানোর আগ্রহ হারাচ্ছেন। ক্যামেরার পরিবর্তে স্মার্টফোন২০১২ সালে ক্যামেরার কদর কমেছে। কারণ, ক্যামেরার বদলে ব্যবহূত হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোন বাজারে আসার পর থেকেই সময় ভালো যাচ্ছে না ক্যামেরা নির্মাতাদের। স্মার্টফোনগুলোয় অত্যাধুনিক ছবি তোলার প্রযুক্তি থাকায় মানুষ এখন একের মধ্যেই পাচ্ছে বহু সুবিধা। বাজারে থাকা উচ্চমানের ক্যামেরার সঙ্গে পাল্লা দিতে সক্ষম অনেক স্মার্টফোন এখন মানুষের হাতে। স্মার্টফোনের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে ডিএসএলআর ক্যামেরা।