এ বছরই ৩০০ কোটি মানুষের নাগালে ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট সংযোগ
ইন্টারনেট সংযোগ

চলতি বছরের শেষ নাগাদ বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে ইন্টারনেট সুবিধা। তাদের মধ্যে দুই-তৃতীয়াংশ মানুষই উন্নয়নশীল দেশগুলোতে বসবাস করে। এ ছাড়াও এ বছরের শেষ নাগাদ মোবাইল সাবসক্রিপশন পৌঁছাবে প্রায় ৭০০ কোটিতে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। আজ এক খবরে এ তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।

আইটিইউর তথ্য অনুযায়ী, ২০১৪ সালের শেষ নাগাদ বিশ্বের ৪৪ শতাংশ মানুষের বাড়িতে ইন্টারনেট সংযোগ থাকবে। উন্নয়নশীল দেশগুলোর ৩১ শতাংশ বাড়িতেই ইন্টারনেট সংযোগ পৌঁছাবে।

আইটিইউর তথ্য অনুযায়ী, মোবাইল সাবসক্রিপশনের ক্ষেত্রে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এগিয়ে যাচ্ছে। এ বছরের শেষ নাগাদ এই অঞ্চলে মোবাইল সাবসক্রিপশন দাঁড়াবে ৩৬০ কোটিতে।

আইটিইউয়ের মহাসচিব হামাদান টোরে জানিয়েছেন, সম্প্রতি প্রকাশিত তথ্য-প্রযুক্তি সংক্রান্ত তথ্য এটা আবারও প্রমাণ করে যে আধুনিক তথ্য-সমাজের উন্নয়নে তথ্য ও প্রযুক্তিই হতে পারে মূল চালিকাশক্তি।

বিশ্ব তথ্য-প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে বলেই মনে করেন আইটিইউয়ের টেলিকমিউনিকেশন উন্নয়ন ব্যুরোর পরিচালক ব্রাহিমা শানউ। তাঁর মতে, এই সংখ্যা ও পরিসংখ্যানের পেছনে সত্যিকারের মানুষের অনেক কথাই লুকানো রয়েছে। তথ্য-প্রযুক্তির কল্যাণে অনেকেরই জীবনযাত্রা উন্নত হয়েছে। এই তথ্য বিশ্লেষণ করে আমরা উন্নয়নের বিষয়টি পর্যবেক্ষণ করতে পারি, আবার আর্থ-সামজিক উন্নয়নের লক্ষ্য অর্জনে কোথায় কাজ করতে হবে তাও চিহ্নিত করতে পারি।