এ বছরের সেরা ৯ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচ

পর্ব-৪

প্রযুক্তি সংবাদের ওয়েবসাইট ম্যাশেবল তৈরি করেছে  ২০১৩ সালের সেরা নয় প্রযুক্তির তালিকা। আজ থাকছে তালিকার ৩ ও ২ নম্বর প্রযুক্তির কথা

৩

স্মার্টওয়াচ

নাম শুনেই বুঝতে পারছেন আদতে এটি একটি ঘড়িই। তবে স্মার্টফোন যেমন শুধু ফোন নয়, অনেক কাজের কাজি; স্মার্টওয়াচকেও তেমনি শুধু সময় দেখার যন্ত্র বলা যাবে না। রীতিমতো একটি পারসোনেল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা পিডিএ এটি। কম্পিউটারটা কবজিতে বসিয়ে নেওয়া—এভাবেই হয়তো বর্ণনা দেওয়া যায় এর। মিডিয়া প্লেয়ার, এফএম রেডিও, গেম, মোবাইল অ্যাপ, ক্যামেরা, থার্মোমিটার, জিপিএস, স্পিকার কত কিছুই না আছে এতে! মোবাইল ফোনের মতোও ব্যবহার করা যায় এটি। এতে থাকতে পারে এমনকি ব্লুটুথ, ওয়াই-ফাইও। আর সবশেষে ঘড়ি দেখার কাজটা তো হবেই।

২

ভাইন

নানা রকম ভিডিও প্ল্যাটফরম

ভাইন, ইনস্টাগ্রাম ভিডিও, স্ন্যাপচ্যাট কত কী—এ বছর যেন ভিডিও শেয়ার করারই সুবর্ণ সময়। বন্ধু আর পরিচিত ব্যক্তিদের মধ্যে ভিডিও শেয়ার করা যেন এখন সবচেয়ে সহজ। একেবারে অখ্যাত শিল্পীরাও তুলে দিতে পারছেন নিজেদের কাজের ভিডিও। বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে মুহূর্তেই পৌঁছে যাচ্ছে তা। আপনার শিশুটি আধো বোল ছড়া আবৃত্তি করছে, বিশ্বের অন্য প্রান্তে থাকা নানা-নানি বা দাদা-দাদি তা দেখে চোখের পানি মুছছেন। পথ চলতে দেখলেন মজার কোনো দৃশ্য। মুহূর্তেই সেটা ধারণ করে ছড়িয়ে দিলেন বন্ধুদের মধ্যে। সবাই একত্র না হয়েও যেন পেল একসঙ্গে থাকার স্বাদ। বিখ্যাত সব প্রতিষ্ঠানও এখন বিজ্ঞাপনের পাশাপাশি ব্যবহার করছে ভিডিও আদান-প্রদানের নানা প্ল্যাটফরম। —রুহিনা তাসকিন